মাদক ও সামাজিক অবক্ষয় রোধে এষণের নাট্য কর্মশালা
মাদক ও সামাজিক-সাংস্কৃতিক অবক্ষয়ের বিরুদ্ধে তরুণদের সচেতন করতে দিনব্যাপী নাট্য কর্মশালার আয়োজন করেছে এষণ পারফর্মিং স্পেস। ধারাবাহিক এ আয়োজনের প্রথম কর্মশালা নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন এষণ পারফর্মিং স্পেসের আহ্বায়ক মারুফ রাঢ়ী। প্রশিক্ষক হিসেবে ছিলেন সংগঠনটির সাবেক আহ্বায়ক ও নাট্য নির্দেশক অভি জাহিদ।
উদ্বোধনী বক্তব্যে মারুফ রাঢ়ী বলেন, ‘আমাদের সমাজে বর্তমানে মাদক পরিস্থিতির চিত্র এতটাই করুণ যে ভাষায় ব্যক্ত করা কঠিন। মাদক এমন একটি শক্তিশালী অপশক্তি হয়ে দাঁড়িয়েছে, যা প্রজন্মের পর প্রজন্মকে কর্মক্ষমতা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। মাদকাসক্তদের মধ্যে উল্লেখযোগ্য হারে তরুণদের দেখা যাচ্ছে।’
তিনি বলেন, ‘এষণের এই উদ্যোগের মূল উদ্দেশ্য নারায়ণগঞ্জ শহরের কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে বৃহৎ পরিসরে সচেতনতা তৈরি করা। মাদক শুধু একক কোনো সমস্যা নয়, বরং মাদক থেকে পরিবার ও সমাজে নানা সংকটের শুরু হয়। তাই একটি থিয়েটার দল হিসেবে মাদক থেকে মুক্তির লক্ষ্যে তরুণদের মধ্যে বিকল্প চর্চা হিসেবে থিয়েটারকে জনপ্রিয় করে তোলাই আমাদের প্রচেষ্টা।’
এ উদ্যোগে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে যারা সহযোগিতা, পরামর্শ ও দিকনির্দেশনা দিচ্ছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
কর্মশালায় নারায়ণগঞ্জ কলেজের পাশাপাশি সরকারি হরগঙ্গা কলেজ ও সিদ্ধিরগঞ্জ এম ডব্লিউ কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন প্রশিক্ষক অভি জাহিদ, এষণের আহ্বায়ক মারুফ রাঢ়ী ও তরুণ চিত্রশিল্পী সানন্দা সাহা ভাবনা।
আয়োজকেরা জানান, পাঁচটি কলেজের শিক্ষার্থীদের নিয়ে পর্যায়ক্রমে এ কর্মশালা আয়োজন করা হবে। পরবর্তী কর্মশালাগুলোতে সরকারি তোলারাম কলেজ, সরকারি মহিলা কলেজ, হাজী মিছির আলী কলেজ ও কদম রসুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।
কর্মশালার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ‘প্রেস নারায়ণগঞ্জ’।





































