১৮ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০১, ১৮ সেপ্টেম্বর ২০২৬

যুবলীগের নতুন কমিটির গুঞ্জন, আলোচনায় বিতর্কিতরা

যুবলীগের নতুন কমিটির গুঞ্জন, আলোচনায় বিতর্কিতরা

রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় আইনগত নিষেধাজ্ঞা থাকলেও নারায়ণগঞ্জে আওয়ামী যুবলীগের জেলা ও মহানগর কমিটি নতুন করে গঠনের তোড়জোড় চলছে বলে দলীয় একাধিক সূত্রে জানা গেছে। সম্ভাব্য কমিটিতে যাদের নাম আলোচনায় রয়েছে, তাদের কয়েকজনের বিরুদ্ধে অতীতে হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ও ভূমিদখলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

বর্তমানে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি হিসেবে রয়েছেন আব্দুল কাদির। তিনি জেলা আওয়ামী লীগেরও সাবেক সহসভাপতি। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আবু হাসনাত মো. শহীদ বাদল, যিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও। কয়েক বছর আগে এই কমিটি গঠিত হলেও এরপর আর সম্মেলন হয়নি।

একইভাবে শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু ও আহাম্মদ আলী রেজা উজ্জ্বলের নেতৃত্বাধীন মহানগর যুবলীগের কমিটিরও মেয়াদ শেষ হয়েছে অনেক আগে। আওয়ামী লীগ সরকারের সময়ে একাধিকবার কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের আলোচনা হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।

এবার জেলা ও মহানগর যুবলীগের পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের আলোচনা চলছে বলে একাধিক সূত্র জানিয়েছে। সূত্রগুলোর দাবি, জেলা যুবলীগের আহ্বায়ক হিসেবে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানির নাম আলোচনায় রয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে আলোচনায় রয়েছেন মীর হোসেন মীরু। অন্যদিকে মহানগর যুবলীগের আহ্বায়ক হিসেবে আজমেরী ওসমানের নামও শোনা যাচ্ছে।

সাফায়েত আলম সানির বিরুদ্ধে বড় ধরনের কোনো বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যায়নি বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে। তবে মীর হোসেন মীরু ও আজমেরী ওসমানের বিরুদ্ধে অতীতে বিভিন্ন অভিযোগ রয়েছে।

আজমেরী ওসমান প্রয়াত জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম নাসিম ওসমানের ছেলে এবং সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা। ২০১৩ সালে নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের তদন্তে তার নাম আসে। র‍্যাবের ফাঁস হওয়া খসড়া তদন্ত প্রতিবেদনে আজমেরীসহ ১১ জনের সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছিল। ২০২৪ সালে ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া কয়েকজনের আদালতে দেওয়া জবানবন্দিতেও আজমেরীর নাম উঠে আসে। তবে মামলাটির বিচারিক নিষ্পত্তি এখনো হয়নি।

এ ছাড়া স্থানীয়ভাবে আজমেরী ওসমানের বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমিদখলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

অন্যদিকে, ফতুল্লার কুতুবপুর এলাকায় মীর হোসেন মীরুর বিরুদ্ধে অতীতে সন্ত্রাসী কর্মকাণ্ড, কিশোর গ্যাং ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণসহ বিভিন্ন অভিযোগ ওঠে। স্থানীয় রাজনীতিতে তাকে ঘিরে নানা বিতর্কও রয়েছে। যুবলীগের নতুন কমিটিতে পদ পেতে তিনি দলীয় নেতাদের সঙ্গে আর্থিক লেনদেন করেছেন এমন গুঞ্জনও রয়েছে বলে সূত্রের দাবি।

নতুন কমিটিতে মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদের নামও আলোচনায় রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। অতীতে সরকারি তোলারাম কলেজে তার বিরুদ্ধে শিক্ষার্থীদের নির্যাতন এবং ক্যাম্পাসে ‘টর্চার সেল’ পরিচালনার অভিযোগ উঠেছিল। সাংবাদিকদের মারধর এবং নির্বাচনের সময় ফতুল্লায় ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগেও তার নাম আলোচনায় আসে।

যদিও নতুন কমিটির বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। আলোচনায় থাকা ব্যক্তিদেরও কেউ বর্তমানে নারায়ণগঞ্জে সক্রিয় নেই বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের সময় থেকে তাদের অনেকেই আত্মগোপনে রয়েছেন। কেউ কেউ দেশ ছেড়েছেন বলেও রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।

এদিকে, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রমের ওপর বর্তমানে আইনগত নিষেধাজ্ঞা রয়েছে। ২০২৫ সালের ১২ মে জারি করা প্রজ্ঞাপনে আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। ২০২৬ সালের ১৩ সেপ্টেম্বর হাইকোর্ট ওই নিষেধাজ্ঞার বৈধতা চ্যালেঞ্জ করে করা একটি রিট আবেদন খারিজ করেন।

ফলে এমন পরিস্থিতিতে নারায়ণগঞ্জে যুবলীগের নতুন কমিটি গঠনের আলোচনা বাস্তবে কতটা এগিয়েছে এবং তা কীভাবে আইনগত কাঠামোর মধ্যে করা হবে, সে বিষয়েও এখনো স্পষ্ট কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ

জনপ্রিয়