ঢাকা-নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের ভাড়া ৩০ টাকা নির্ধারণের দাবি ছাত্র ফেডারেশনের
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সাধারণ যাত্রীদের বাসভাড়া সর্বোচ্চ ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৩০ টাকা নির্ধারণ ও কার্যকরের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা। একই সঙ্গে এ রুটে বিআরটিসি বাসের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছে সংগঠনটি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের নারায়ণগঞ্জ কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা নূর ও সদস্য সচিব তাহমিদ আনোয়ার এ দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী উৎসব ও বন্ধন পরিবহন হঠাৎ সাধারণ যাত্রীদের ভাড়া ৬০ টাকা এবং শিক্ষার্থীদের ভাড়া ৪০ টাকা আদায় শুরু করেছিল। পরে ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা শাখার আন্দোলনের মুখে মালিকপক্ষ আগের ভাড়া সাধারণ যাত্রীদের জন্য ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৩৫ টাকা বহাল রেখেছে বলে দাবি করেন তারা। এটিকে ‘ছাত্র-জনতার প্রাথমিক বিজয়’ হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।
ছাত্র ফেডারেশনের নেতারা অভিযোগ করেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটের পরিবহন খাতে উৎসব ও বন্ধন পরিবহনের একচেটিয়া আধিপত্য তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা না নেওয়ায় যাত্রীদের বারবার ভোগান্তিতে পড়তে হচ্ছে বলেও দাবি করেন তারা।
বিবৃতিতে দুই দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সাধারণ যাত্রীদের ভাড়া সর্বোচ্চ ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের জন্য কোনো শর্ত ছাড়াই ৩০ টাকা নির্ধারণ ও কার্যকর করা এবং যাত্রীদের যাতায়াত সহজ করতে এ রুটে সরকারি বিআরটিসি বাসের সংখ্যা বাড়ানো।





































