টপটেন মার্টকে ৩০ হাজার টাকা জরিমানা
আমদানিকারকের স্টিকার ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বিদেশি কসমেটিকস বিক্রির অভিযোগে ‘টপটেন মার্টকে' ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা।
বিএসটিআই সূত্রে জানা যায়, অভিযানে কসমেটিকস বা প্রসাধনী পণ্য যাচাইকালে তাতে আমদানিকারকের নাম-ঠিকানা পাওয়া যায়নি। যেসব পণ্য বাইরে থেকে আমদানি করা হয়, তাতে আমদানিকারকের বিএসটিআই থেকে ছাড়পত্র সংগ্রহ করতে হয়। আমদানীকৃত পণ্যে আমদানিকারকের নাম, ঠিকানা ও এলসি নম্বরসহ একটি স্টিকার বা ট্যাগ থাকা বাধ্যতামূলক।
যাচাইকৃত পণ্যের মধ্যে ছিল শ্যাম্পু, স্কিন ক্রিম, বেবি লোশন ও শ্যাম্পু। বিএসটিআই কর্তৃক আমদানিকারকের ছাড়পত্র ও পণ্যের গায়ে কোনো ট্যাগ না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩০ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়াও জানা যায়, এই প্রতিষ্ঠানের টেক্সটাইল সেকশনের লাইসেন্সের মেয়াদ ২০২৪ সালে শেষ হয়েছে-যা নবায়ন করা হয়নি বা নবায়নের জন্য আবেদনও করা হয়নি। তাগাদা দেওয়ার পরও তা করা হয়নি। ঢাকা থেকে এসব তথ্য নেওয়া হয়েছে বলে জানান বিএসটিআই কর্মকর্তা।
তবে এ অভিযোগ আমলে না নিয়ে দ্রুত লাইসেন্স নবায়নের সতর্কতা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিএসটিআইয়ের পক্ষে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার মাকসুদা রুনা। সার্বিক সহযোগিতা করেন সহকারী পরিচালক (সিএম) ইবাদত মানিক ও পরিদর্শক মো. শাহজাহান।





































