০১ সেপ্টেম্বর ২০২৬

আমাদের কথা

প্রেস নারায়ণগঞ্জ

গণস্বার্থের গণমাধ্যম

‘গণস্বার্থের গণমাধ্যম’—এই স্লোগানকে ধারণ করে ২০১৭ সালের ১ নভেম্বর নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত অনলাইন নিউজপোর্টাল প্রেস নারায়ণগঞ্জ যাত্রা শুরু করে। গণস্বার্থ, সত্য, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীল সাংবাদিকতাকে ধারণ করে সাংবাদিক বিল্লাল হোসেন রবিনের সম্পাদনায় প্রেস নারায়ণগঞ্জের পথচলা শুরু হয়। তিনি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকালীন সম্পাদক।

যাত্রার অল্প সময়ের মধ্যেই নারায়ণগঞ্জের পাঠকদের কাছে প্রেস নারায়ণগঞ্জ একটি পরিচিত ও জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম হিসেবে জায়গা করে নেয়।

পরবর্তীতে ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে মো. ফখরুল ইসলাম সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। তাঁর সম্পাদনায় প্রেস নারায়ণগঞ্জ সংবাদ পরিবেশনে আরও গতিশীল, আধুনিক ও জনমুখী হয়ে পথচলা অব্যাহত রেখেছে।

আমরা হেঁটেছি যারা

আমরা এমন একদল সাংবাদিক ও তরুণ চিন্তাশীল মানুষের সমন্বিত প্রয়াস, যারা দায়িত্ব নিতে জানে, প্রশ্ন করতে জানে এবং প্রয়োজন হলে অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিতে জানে। সত্য অনুসন্ধান, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে সামনে রেখে আমরা কাজ করি। আমরা বিশ্বাস করি চিন্তার বহুত্ববাদে।

আমরা বিশ্বাস করি, সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের কাজ নয়; এটি মানুষের কথা বলার, ক্ষমতাকে প্রশ্ন করার, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে প্রশ্ন তোলার এবং জনস্বার্থে দায়িত্ব পালনের একটি শক্তিশালী মাধ্যম।

আমাদের লক্ষ্য

অসাম্প্রদায়িক চেতনা, মহান মুক্তিযুদ্ধের মূল্যবোধ, সত্য, ন্যায় ও সামাজিক দায়বদ্ধতাকে ধারণ করে সাংবাদিকতা করাই আমাদের মূল দর্শন।

নারায়ণগঞ্জের মানুষের অধিকার, সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তুলে ধরা এবং জেলার অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখাই আমাদের অন্যতম লক্ষ্য।

দ্রুত, নির্ভুল ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের পাশাপাশি অনুসন্ধানী সাংবাদিকতা, জনদুর্ভোগ, নাগরিক সমস্যা, আইনশৃঙ্খলা, অর্থনীতি, শিল্প-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, সংস্কৃতি এবং নারায়ণগঞ্জের সামগ্রিক উন্নয়নকে আমরা গুরুত্ব দিয়ে থাকি।

কোনো ব্যক্তি, গোষ্ঠী, রাজনৈতিক দল, ধর্ম বা প্রতিষ্ঠানের প্রতি পক্ষপাত না করে বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে সংবাদ প্রকাশ আমাদের নীতির অন্যতম ভিত্তি।

সাংবাদিকতায় নতুন ধারার প্রয়াস

নারায়ণগঞ্জের অনলাইন সাংবাদিকতায় আমরা নতুন ধারা যুক্ত করার চেষ্টা করেছি। সময়ের সঙ্গে সাংবাদিকতার পরিবর্তনশীল ধরন ও প্রযুক্তির বিকাশকে গ্রহণ করে মাল্টিমিডিয়া সাংবাদিকতা ও নাগরিক সাংবাদিকতাকে আমরা গুরুত্ব দিয়েছি।

শুধু লেখা নয়—ছবি, ভিডিও, তথ্যচিত্র, ইনফোগ্রাফিক ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে সংবাদকে আরও সহজবোধ্য ও পাঠকবান্ধব করে উপস্থাপনের চেষ্টা করি। একই সঙ্গে নাগরিকদের অভিজ্ঞতা, মতামত ও স্থানীয় পর্যায়ের তথ্যকে সাংবাদিকতার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করি।

নারী ও শিশুকে নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আমরা বিশেষভাবে সংবেদনশীল। চটকদার, অসম্মানজনক, বৈষম্যমূলক কিংবা সংবেদনশীলতা-বর্জিত ভাষা ব্যবহার থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি। ব্যক্তির মর্যাদা, গোপনীয়তা ও সামাজিক বাস্তবতাকে বিবেচনায় রেখে দায়িত্বশীল সংবাদ পরিবেশনকে আমরা গুরুত্ব দিই।

প্রতিকূলতার মধ্যেও পথচলা

সাংবাদিকতার দীর্ঘ পথচলায় নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছে প্রেস নারায়ণগঞ্জ। সংবাদ প্রকাশের কারণে হামলা ও হুমকি, সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ হ্যাক এবং ওয়েবসাইট ব্লকের মতো ঘটনাও আমাদের পথচলায় বাধা হয়ে এসেছে।

কিন্তু কোনো চাপ, ভয় বা প্রতিবন্ধকতাই আমাদের থামাতে পারেনি। বরং প্রতিটি প্রতিকূলতা সত্য অনুসন্ধান ও জনস্বার্থের সাংবাদিকতার প্রতি আমাদের দায়বদ্ধতাকে আরও দৃঢ় করেছে।

হামলা, হুমকি, পেজ হ্যাক কিংবা সাইট ব্লক—কোনো কিছুই প্রেস নারায়ণগঞ্জের পথচলা থামাতে পারেনি।

আমরা কোনো ব্যক্তি, গোষ্ঠী বা বিশেষ স্বার্থের মুখপাত্র নই। জনস্বার্থের প্রশ্নে মানুষের পাশে থেকে সত্য, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরাই আমাদের অঙ্গীকার।

প্রেস নারায়ণগঞ্জ

গণস্বার্থের গণমাধ্যম—মানুষের কথা বলার অঙ্গীকার।