২৭ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৫৪, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সেঞ্চুরি অ্যাপারেলসের শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে স্মারকলিপি

সেঞ্চুরি অ্যাপারেলসের শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে স্মারকলিপি

প্রায় তিন মাস ধরে বন্ধ থাকা নারায়ণগঞ্জের সেঞ্চুরি অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকদের আইনানুগ সব পাওনা পরিশোধ ও অধিকার নিশ্চিত করার দাবিতে বিভাগীয় শ্রম দপ্তরে স্মারকলিপি দিয়েছে কারখানাটির শ্রমিক ইউনিয়ন।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় নারায়ণগঞ্জ বিভাগীয় শ্রম দপ্তরের রেজিস্ট্রার্ড অব ট্রেড ইউনিয়নসের শ্রম পরিচালক বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন সেঞ্চুরি অ্যাপারেলস লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সহসাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগসহ শ্রমিক ইউনিয়নের নেতারা।

স্মারকলিপিতে বলা হয়, গত ২৯ জুন কর্তৃপক্ষ শ্রমিক ইউনিয়ন ও শ্রমিকদের যথাযথভাবে অবহিত না করে কারখানা বন্ধ করে দেয়। এতে শত শত শ্রমিক কর্মহীন হয়ে আর্থিক সংকটে পড়েছেন। প্রায় তিন মাস পার হলেও চাকরির অবসান, ছাঁটাই ও অন্যান্য আইনানুগ পাওনা পরিশোধ করা হয়নি বলে অভিযোগ করেন নেতারা।

তাদের দাবি, কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের আইনানুগ পাওনা পরিশোধের কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। কারখানাটি অন্য একটি শিল্পগোষ্ঠীর কাছে বিক্রি করা হয়েছে বলে শ্রমিকদের কাছে তথ্য রয়েছে উল্লেখ করে নেতারা বলেন, মালিকানা বা ব্যবস্থাপনার পরিবর্তন হলেও শ্রমিকদের পাওনা পরিশোধের দায় এড়ানোর সুযোগ নেই।

সমস্যা সমাধানে গত ৩০ জুন কারখানা চালুসহ সাত দফা দাবিতে কর্তৃপক্ষকে চিঠি দেয় শ্রমিক ইউনিয়ন। একই সঙ্গে জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিল্প পুলিশ, বিকেএমইএ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বিভাগীয় শ্রম দপ্তর ও ফতুল্লা মডেল থানাসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়।

নেতারা জানান, গত ১৮ আগস্ট বিভাগীয় শ্রম দপ্তরের উদ্যোগে ত্রিপক্ষীয় শুনানি হওয়ার কথা থাকলেও মালিকপক্ষ উপস্থিত হয়নি। পরে ৩০ আগস্টের মধ্যে বকেয়া পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। সর্বশেষ ২৪ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কাছেও স্মারকলিপি দেন ইউনিয়নের নেতারা।

স্মারকলিপিতে শ্রমিকদের সব আইনানুগ পাওনা নিরূপণ ও পরিশোধ, চাকরির অবসান বা ছাঁটাইজনিত ক্ষতিপূরণ প্রদান, পাওনা পরিশোধ না করে মালিকানা পরিবর্তনের মাধ্যমে শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত না করা, শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন না করার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

শ্রমিক নেতারা বলেন, আইনানুগ পাওনা আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও আইনসম্মত কর্মসূচি অব্যাহত থাকবে। একই সঙ্গে শ্রমিকদের পাওনা দ্রুত পরিশোধ নিশ্চিত করতে বিভাগীয় শ্রম দপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন তারা।

সর্বশেষ

জনপ্রিয়