২৯ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৭, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ এক শিক্ষার্থীর মৃত্যু

মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ এক শিক্ষার্থীর মৃত্যু
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার মাহেলা খাতুন মহিলা মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ১১ বছরের শিক্ষার্থী আতিয়া মারা গেছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান ওই হাসপাতালের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার।

আতিয়ার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল বলেও জানান ওই চিকিৎসক।

গত শনিবার বিকাল ৫টার দিকে কাশিপুর ইউনিয়নের হাজীপাড়া এলাকার মাহেলা খাতুন মহিলা মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হন পাঁচ শিক্ষার্থী।

তাদের মধ্যে লামিয়া (১৩) ও জিদনী (১৪) যথাক্রমে তাদের শরীরের ৫৫ শতাংশ ও ৮২ শতাংশ দগ্ধ নিয়ে আশঙ্কাজনক অবস্থায় একই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন বলেও জানান ডা. সুলতান।

এ ঘটনায় সুমাইয়া (১৩) ও আছিয়াও (১২) যথাক্রমে তাদের শরীরের ১৩ শতাংশ ও ৭ শতাংশ দগ্ধ নিয়ে এ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, শিক্ষার্থীরা মাদ্রাসার চারতলা ভবনের ছাদে খেলতে যায়। তাদের সঙ্গে খাওয়ার জন্য আখ ছিল। ছাদের ওপর দিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তার গেছে। অসাবধানতাবশত আখ বিদ্যুতের তারের সংস্পর্শে এলে বিকট শব্দে ঝলকানি ও আগুন ধরে তারা দগ্ধ হন।

শুরুতে দগ্ধদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান মাদ্রাসার শিক্ষক ও স্থানীয়রা। পরে তাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়