১৮ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:৪৬, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জেলা ছাত্রসমাজ সভাপতি রুপু গ্রেফতার, মিছিল থেকে আটক ৪

জেলা ছাত্রসমাজ সভাপতি রুপু গ্রেফতার, মিছিল থেকে আটক ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা ছাত্রসমাজের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রসমাজের সাবেক সহসভাপতি শাহাদাৎ হোসেন রুপুকে গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে, মাসদাইরে সরকারবিরোধী মিছিল থেকে ধাওয়া করে ছাত্রলীগের চার নেতাকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে ফতুল্লার ইসদাইর এলাকা থেকে শাহাদাৎ হোসেন রুপুকে গ্রেফতার করা হয়। তবে কী মামলায় বা কোন ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি।

এদিকে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে মাসদাইর-অক্টো অফিসের সামনে সরকারবিরোধী মিছিলের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় মিছিলকারীদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ইসদাইর পৌর স্টেডিয়াম গলি থেকে চারজনকে আটক করে পুলিশ।

আটকরা হলেন পটুয়াখালীর বড়বাইশদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রিশাদ মিয়া, রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগ নেতা মো. শিশির, মো. সাইফুল ইসলাম ও কুয়াকাটা পৌর ছাত্রলীগ নেতা মো. সিফাত।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারবিরোধী মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিছিলকারীদের ধাওয়া করে। এ সময় চারজনকে আটক করা হয়। একই রাতে ইসদাইর এলাকা থেকে শাহাদাৎ হোসেন রুপুকে গ্রেফতার করা হয়েছে।

আটক ও গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

সর্বশেষ

জনপ্রিয়