২৩ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:২০, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

অসদাচরণ ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ বিভাগীয় তদন্তে প্রমাণিত হওয়ায় নারায়ণগঞ্জের সাবেক পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেলকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শের পর রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত এবং সাময়িক বরখাস্ত অবস্থায় থাকা গোলাম মোস্তফা রাসেল ২০২৫ সালের ৩১ মার্চ থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তার অনুপস্থিতির বিষয়ে হোয়াটসঅ্যাপ, ডাক ও ই-মেইলের মাধ্যমে নোটিশ পাঠানো হলেও তিনি কোনো লিখিত জবাব দেননি এবং কর্মস্থলেও যোগ দেননি।

পরে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা নম্বর ০২৫/২০২৫ রুজু করা হয়। বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে আনা ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এরপর সরকারি কর্ম কমিশনের পরামর্শ নেওয়া হলে রাষ্ট্রপতি তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করেন। সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সালের ৩১ মার্চ থেকে তার বরখাস্ত কার্যকর হবে।

এর আগে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ২০২৫ সালের জুনে গোলাম মোস্তফা রাসেলসহ পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছিল সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকরের কথা জানানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়