২৫ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪০, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৯:৪১, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে গণসংহতির বিক্ষোভ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে গণসংহতির বিক্ষোভ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সংগঠনটির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন। সঞ্চালনা করেন জেলার প্রচার সম্পাদক শুভ দেব। বক্তব্য দেন জেলার যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, ভ্যান শ্রমিক সংহতির জেলা সভাপতি মো. ফরিদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সহসভাপতি সৃজয় সাহা, গার্মেন্ট শ্রমিক সংহতির জেলা সংগঠক মো. হাসান, গণসংহতি আন্দোলনের সিদ্ধিরগঞ্জ থানা সদস্য সচিব মো. সোহাগসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সভাপতির বক্তব্যে তারিকুল সুজন বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে পড়ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এমনিতেই মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। তার ওপর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন করে চাপ তৈরি করেছে। এর সঙ্গে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া অযৌক্তিকভাবে বাড়ানো সাধারণ মানুষের ওপর বাড়তি বোঝা চাপিয়ে দিয়েছে।’

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের বিপুলসংখ্যক মানুষ প্রতিদিন জীবিকা, শিক্ষা ও অন্যান্য প্রয়োজনে ঢাকায় যাতায়াত করেন। শ্রমিক, নিম্ন ও মধ্যম আয়ের মানুষ এবং শিক্ষার্থীদের প্রতিদিনের যাতায়াত ব্যয় বৃদ্ধি সরাসরি তাদের জীবনযাত্রায় আঘাত করছে। কোনো ধরনের যৌক্তিকতা ও স্বচ্ছ হিসাব ছাড়া জনগণের ওপর অতিরিক্ত পরিবহন ব্যয়ের বোঝা চাপিয়ে দেওয়া মেনে নেওয়া যায় না।’

বাস মালিকদের উদ্দেশে তারিকুল সুজন বলেন, ‘বাস মালিকরা আন্দোলনরত ছাত্রদের বলেছে, তাদের দেখে নেবে। আমরা বলছি, এমন হুমকি-ধমকি শামীম ওসমানও দিত। এসব দিয়ে কোনো লাভ হয় না। আপনারা কীভাবে অযৌক্তিকভাবে বাসের ভাড়া বাড়ান, সেটাও আমরা দেখে নেব।’

প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি বলেন, ‘প্রশাসনের প্রতি আহ্বান করব, আপনারা এসব বিষয়ে সোচ্চার হোন। আপনাদের নিষ্ক্রিয়তা আজ বাস মালিক কিংবা এই সিন্ডিকেটকে যা ইচ্ছা তা করার লাইসেন্স দিচ্ছে।’

সমাবেশ থেকে অবিলম্বে বর্ধিত বাসভাড়া প্রত্যাহার, গণপরিবহনে যাত্রীবান্ধব ভাড়া নিশ্চিত এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে জনজীবনে সৃষ্ট সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে দাবি আদায়ে ধারাবাহিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

সর্বশেষ

জনপ্রিয়