২৯ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২২, ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২১:২৩, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নারী দিয়ে ফাঁদে ফেলে অপহরণ-মুক্তিপণ আদায়, সনেট বাহিনীর ২ সদস্য গ্রেপ্তার

নারী দিয়ে ফাঁদে ফেলে অপহরণ-মুক্তিপণ আদায়, সনেট বাহিনীর ২ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে হোয়াটসঅ্যাপে নারীর মাধ্যমে পরিচয় ও দেখা করার প্রলোভন দেখিয়ে এক যুবককে ডেকে নিয়ে অপহরণ এবং মুক্তিপণ আদায়ের মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১। গ্রেপ্তাররা পলাতক আজমেরী ওসমানের সহযোগী হিসেবে পরিচিত খানপুরের ‘সনেট বাহিনীর’ সদস্য বলে জানা গেছে।

গ্রেপ্তাররা হলেন নারায়ণগঞ্জ সদর থানার এম সার্কাস এলাকার শাহী মসজিদের ডান পাশের বাসিন্দা মৃত জালাল মিয়ার ছেলে মো. রফিকুল ইসলাম সানি (৩৫) এবং একই থানার ২ নম্বর হাজীগঞ্জ এম সার্কাস এলাকার মৃত আলী হোসেনের ছেলে মো. আওরালী (৪৬)। এসআরবি-১১-এর সংবাদ বিজ্ঞপ্তিতে রফিকুল ইসলাম সানিকে নারায়ণগঞ্জ জেলার তালিকাভুক্ত ছিনতাইকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।

এসআরবি-১১ জানায়, গত ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে সানজিদ হাসান রাফি (২৫) নামের এক যুবককে ‘তিন্নি’ নামে এক নারীর মাধ্যমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখা করার প্রলোভন দেখিয়ে নবীগঞ্জ ঘাট এলাকায় ডেকে নেওয়া হয়। পরে তাঁকে একটি মিশুক গাড়িতে তুলে মারধর ও ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

এরপর তাঁকে বন্দর থানার রাজবাড়ি এলাকার কবরস্থানের পেছনে নিয়ে আরও কয়েকজন মিলে নির্যাতন করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে বিভিন্ন বিকাশ নম্বর ও ব্যাংক হিসাবের মাধ্যমে কয়েক ধাপে মোট প্রায় ১ লাখ ২৪ হাজার ১৫০ টাকা নেওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ১৪ থেকে ১৫ জনের বিরুদ্ধে বন্দর থানায় অপহরণ মামলা করেন।

মামলার সূত্র ধরে অভিযান চালিয়ে সদর থানার হাজীগঞ্জ এলাকা থেকে রফিকুল ইসলাম সানি এবং কালীরবাজার এলাকা থেকে আওরালীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়