২৫ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৭, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২০:১৫, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ফকির এ্যাপারেলস ও শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার দিনব্যাপী বৃক্ষরোপণ

ফকির এ্যাপারেলস ও শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার দিনব্যাপী বৃক্ষরোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে নারায়ণগঞ্জে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ফকির এ্যাপারেলস ও শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রাঙ্গণে ফলজ, ফুল ও শোভাবর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচির আওতায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তানজিম হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ, ৬৯ নম্বর মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাসদাইর দক্ষিণপাড়া জামে মসজিদে বৃক্ষরোপণ করা হয়।

এ সময় নারিকেল, সুপারি, জলপাই, আমলকি, পেয়ারা, চালতা, মালটা, সবেদা ও আতাফলসহ বিভিন্ন ফলজ গাছের পাশাপাশি বকুল, মির্জাম, পিগমি ডেট পাম ও দাদমর্দনসহ বিভিন্ন ফুল ও শোভাবর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ, তানজিম হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. আব্দুল্লাহ বেগ, মাসদাইর পূর্বপাড়া মসজিদের সাধারণ সম্পাদক মো. গোলাপ এবং ৬৯ নম্বর মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তপসী কুন্ডু উপস্থিত থেকে সহযোগিতা করেন।

এ ছাড়া ফকির এ্যাপারেলসের জিএম মো. এমারত হোসেন, ম্যানেজার মো. রোকন উদ্দিনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা এবং শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এস. এম. পাবেল, সহসভাপতি শেখ সাইফুল ইসলাম আজিম, সাধারণ সম্পাদক মো. এমরান হোসেন, প্রতিষ্ঠাতা সদস্যসহ সংগঠনের সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পরিবেশ রক্ষার পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তাদের বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে। এর ধারাবাহিকতায় আগামী মাসে শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেখানে দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার সভাপতি এস. এম. পাবেল বলেন, ‘পরিবেশ রক্ষা ও মানবসেবা—দুটি বিষয়কে গুরুত্ব দিয়ে আমাদের সামাজিক কার্যক্রম এগিয়ে নিতে চাই। আজকের বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা শুধু গাছ লাগাইনি, বরং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও সবুজ পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। পাশাপাশি অসহায় মানুষের জন্য স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

সর্বশেষ

জনপ্রিয়