২৯ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৭, ২৯ সেপ্টেম্বর ২০২৬

১২০ কোটি ব্যয়ে জিয়া হলের প্রস্তাবিত নকশায় যা আছে

১২০ কোটি ব্যয়ে জিয়া হলের প্রস্তাবিত নকশায় যা আছে

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ঐতিহ্যবাহী ‘শহীদ জিয়া হল’-এর সংস্কারে উদ্যোগ নিয়েছে নগর কর্তৃপক্ষ। জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা’র অর্থায়নে ১২০ কোটি টাকায় সুবিশাল অডিটোরিয়াম, লাইব্রেরি ও গ্যালারিসমৃদ্ধ হলটি নতুনভাবে নির্মাণ করা হবে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।

সংস্কারের পর হলটিতে গাড়ি পার্কিং ব্যবস্থা, সেমিনার কক্ষ, মাল্টিপারপাস রুম, পাবলিক স্পেস, নাট্যশালা, রিহার্সেল রুম, নামাজ ঘর, আর্ট গ্যালারি, ফুডকোর্ট, ভিআইপি রেস্টরুম নির্মাণেরও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে নাসিক।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় নিতাইগঞ্জ এলাকায় নগরভবনের অডিটোরিয়ামে শহীদ জিয়া হলের স্থাপত্য নকশা উপস্থাপনা বিষয়ক সভায় এসব তথ্য জানানো হয়।

স্থপতি জাহিদুল ইসলাম খান দু’টি ভবনের নকশা উপস্থাপন করেন এবং ভবন দু’টির অ্যানিমেটেড চিত্র প্রদর্শন করেন। তিনি বলেন, ভবনটিতে ৮০টি গাড়ি পার্কিং ব্যবস্থা, ৯০০ সিট সমৃদ্ধ অডিটোরিয়াম, জিয়া গ্যালারি, লাইব্রেরি, মাল্টিপারপাস রুম, মিনি থিয়েটার, পাবলিক স্পেস, ক্যাফেটেরিয়া এবং রেস্টিং এরিয়া রাখা হবে। এছাড়া ভবন নকশার সময় প্রাকৃতিক আলো ব্যবহারের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে।

নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাইনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাবেক নারী কাউন্সিলর দিলারা মাসুদ ময়না, নাসিক নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম, খেলাঘর আসরের সভাপতি জহিরুল ইসলাম, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনা প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়