১৫ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:০৭, ১৫ সেপ্টেম্বর ২০২৬

অনির্দিষ্টকালের জন্য ইউনাইটেড এ্যাপারেল বন্ধ ঘোষণা

অনির্দিষ্টকালের জন্য ইউনাইটেড এ্যাপারেল বন্ধ ঘোষণা

নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্রমিকদের উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ইউনাইটেড এ্যাপারেল কম্পোজিট লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন) স্বাক্ষরিত এক নোটিশে এ ঘোষণা দেওয়া হয়।

নোটিশে বলা হয়, বর্তমান বৈশ্বিক সংকট, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, চলমান অর্ডার সময়মতো রপ্তানি করতে না পারা, নতুন অর্ডার না পাওয়া এবং ব্যাংকিং সমস্যার কারণে কারখানাটি আর্থিক সংকটে পড়েছে। এর ফলে আগস্ট ২০২৬ মাসের বেতন পরিশোধে কিছুটা বিলম্ব হয়।

কর্তৃপক্ষের দাবি, এ ঘটনায় গত ১৩ ও ১৪ সেপ্টেম্বর শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেন। ব্যবস্থাপনা পরিচালক শ্রমিকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করলেও উৎপাদন কার্যক্রম চালু করা সম্ভব হয়নি।

নোটিশে আরও বলা হয়, উৎপাদন বন্ধ থাকায় কারখানার জরুরি রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং কর্তৃপক্ষ আর্থিক ক্ষতির মুখে পড়ছে। শ্রমিকদের এ কর্মকাণ্ডকে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী বেআইনি ধর্মঘট হিসেবে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।

এ পরিস্থিতিতে সার্বিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে কারখানা চালুর অনুকূল পরিবেশ সৃষ্টি হলে পরবর্তী সময়ে নোটিশের মাধ্যমে কারখানা খোলার তারিখ জানানো হবে। একই সঙ্গে বন্ধকালীন সময়ের জন্য শ্রমিকরা কোনো মজুরি পাবেন না বলেও জানানো হয়েছে।

তবে কারখানার নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ব্যক্তিদের এই বন্ধের আওতার বাইরে রাখা হয়েছে।

এ বিষয়ে অবগতির জন্য নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার, বিকেএমইএর সভাপতি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম অধিদপ্তর এবং ফতুল্লা মডেল থানায় নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে।

এ বিষয়ে কারখানাটির মালিক নবী নেওয়াজ লিটনের মুঠোফোনের নম্বরে কল করা হলে তিনি 'মিটিংয়ে ব্যস্ত আছেনʼ বলে কলটি কেটে দেন।

সর্বশেষ

জনপ্রিয়