২৩ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৪:৩৫, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়াল সরকার

নারায়ণগঞ্জে বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়াল সরকার

জ্বালানি তেলের দাম বাড়ার পর নারায়ণগঞ্জে ডিজেলচালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়িয়েছে সরকার। নতুন হার অনুযায়ী যাত্রীপ্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৪৩ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৬০ পয়সা।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। একই দিন থেকে নতুন ভাড়া কার্যকর করা হয়েছে।

তবে সরকারি প্রজ্ঞাপন বা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নতুন ভাড়ার তালিকা প্রকাশের আগেই মঙ্গলবার সকাল থেকে ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ভাড়া বাড়িয়ে আদায় শুরু করে বন্ধন ও উৎসব পরিবহন। নন-এসি বাসে জনপ্রতি ৫ টাকা এবং ঢাকা নগর পরিবহনের এসি বাসে ১০ টাকা বাড়তি নেওয়া হয়।

মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন বাস কাউন্টার ঘুরে দেখা যায়, বন্ধন ও উৎসব পরিবহনের নন-এসি বাসে ঢাকা–নারায়ণগঞ্জ রুটের ভাড়া ৫৫ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা নেওয়া হচ্ছে। ঢাকা নগর পরিবহনের এসি বাসে ৭০ টাকার পরিবর্তে নেওয়া হচ্ছে ৮০ টাকা। হঠাৎ ভাড়া বাড়ানো নিয়ে কয়েকটি কাউন্টারে পরিবহনকর্মীদের সঙ্গে যাত্রীদের তর্ক-বিতর্কও হয়।

তবে একই দিন বিআরটিসির এসি বাসে আগের ৭০ টাকা ভাড়াতেই যাত্রী পরিবহন করতে দেখা গেছে।

এরই মধ্যে মঙ্গলবার জারি করা সরকারি প্রজ্ঞাপনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলার অভ্যন্তরে চলাচলকারী ডিজেলচালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া যাত্রীপ্রতি কিলোমিটারে ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিজেলের মূল্যবৃদ্ধি ও বর্তমান পরিচালন ব্যয় বিবেচনায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৩৪(২) অনুযায়ী এ ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়