চাষাঢ়ায় বিসিকের প্রথম চাকরি মেলা অনুষ্ঠিত
চাকরির পাশাপাশি তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান বিসিক চেয়ারম্যানের
সরকারের এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে নারায়ণগঞ্জে দিনব্যাপী ‘বিসিক চাকরি মেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বিসিকের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত এ চাকরি মেলায় ৪৩টি শিল্পপ্রতিষ্ঠান অংশ নেয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় নগরীর চাষাঢ়ায় বিকেএমইএ মিলনায়তনে মেলার উদ্বোধন করা হয়। শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আয়োজনে এবং বিকেএমইএর সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় বিসিক এপিআই শিল্প পার্ক, হোসিয়ারি শিল্পনগরী, লাইট ইঞ্জিনিয়ারিং ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান অংশ নেয়। চাকরিপ্রার্থীরা প্রতিষ্ঠানগুলোর স্টলে সরাসরি জীবনবৃত্তান্ত জমা দেওয়ার পাশাপাশি চাকরির সুযোগ ও প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে তথ্য নেন।
প্রধান অতিথির বক্তব্যে বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেন, ‘বিসিকের ইতিহাসে এটিই প্রথম চাকরি মেলার উদ্যোগ। সরকারপ্রধান তারেক রহমানের কর্মচাঞ্চল্যের সঙ্গে তাল মিলিয়ে মানুষের অধিকার ও কর্মসংস্থান নিশ্চিত করতে বিসিক নিরলসভাবে কাজ করছে।’
তিনি বলেন, চাকরিদাতা ও চাকরিপ্রার্থীদের মধ্যে সরাসরি মেলবন্ধন তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। যোগ্যতা অনুযায়ী তাৎক্ষণিক সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগের সুযোগও রাখা হয়েছে।
তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে বেনজীর আহমেদ বলেন, গ্রামীণ অর্থনীতি চাঙা করার মাধ্যমে জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। এ ক্ষেত্রে তরুণরা বিসিকের প্রশিক্ষণ ও ঋণ সহায়তার সুযোগ নিতে পারেন।
বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী দেশে চাকরির সংকট নিরসনে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্ষুদ্র ও কুটির শিল্প সম্প্রসারণে সিটি করপোরেশনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বিসিককে কারুশিল্প মেলার জন্য জায়গা বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন।
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব বলেন, ‘মামা-চাচার সুপারিশ ছাড়া সম্পূর্ণ মেধার ভিত্তিতে চাকরি দেওয়ার যে ন্যায়ভিত্তিক ব্যবস্থা শুরু হয়েছে, বিসিক সেখানে অগ্রদূত হিসেবে কাজ করছে।’
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বিসিকের এ কার্যক্রমের ফলে ঝিমিয়ে পড়া শিল্প খাতে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। বন্ধ হয়ে যাওয়া কারখানা ও শ্রমিক সংকটের বিপরীতে এ ধরনের চাকরি মেলা শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিসিকের ঢাকা আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক মনজুরুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিসিক পরিচালনা পর্ষদের সদস্য, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও মুন্সীগঞ্জ জেলার কর্মকর্তা এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন, বিকেএমইএ সহ সভাপতি অর্থ মোরশেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ চেম্বার পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
উদ্বোধনী আলোচনা শেষে অতিথিরা বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তাঁরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।





































