২২ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০১, ২২ সেপ্টেম্বর ২০২৬

তিনগাঁওয়ে কুমির দেখা যাওয়ার স্থান পরিদর্শনে ইউএনও শিবানী সরকার

তিনগাঁওয়ে কুমির দেখা যাওয়ার স্থান পরিদর্শনে ইউএনও শিবানী সরকার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তিনগাঁও এলাকায় মিঠাপানির কুমির দেখা যাওয়ার স্থান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজখবর নেন এবং আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তিনগাঁও এলাকা পরিদর্শন করেন ইউএনও। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সতর্ক ও আশ্বস্ত করা হয়।

ইউএনও শিবানী সরকার বলেন, ‘স্থানীয়দের ভীত না হয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে ছোট ছেলেমেয়ে ও গবাদিপশুর প্রতি নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।’

তিনি জানান, কুমিরটির বিষয়ে উপজেলা প্রশাসন প্রাণিসম্পদ বিভাগ, বন বিভাগ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। পরিস্থিতির পরবর্তী যেকোনো তথ্য সবাইকে জানানো হবে।

পরিদর্শনের সময় বন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন, সমবায় কর্মকর্তাসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এর আগে তিনগাঁও এলাকার একটি পুকুরে কুমিরটি দেখা যাওয়ার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কুমিরটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কুমিরটি উদ্ধারের চেষ্টা চালান। তবে এখন পর্যন্ত সেটি উদ্ধার করা সম্ভব হয়নি।

বন বিভাগের পক্ষ থেকে স্থানীয়দের কুমিরটিকে আঘাত বা হত্যা না করার আহ্বান জানানো হয়েছে। কুমিরটির অবস্থান শনাক্ত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরামর্শও দেওয়া হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়