ঢাকা-নারায়ণগঞ্জে বাসভাড়া সর্বোচ্চ ৫৫ টাকা নির্ধারণের দাবিতে বাসদের বিক্ষোভ
বর্ধিত জ্বালানি তেলের মূল্য প্রত্যাহার, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া সর্বোচ্চ ৫৫ টাকা ও শিক্ষার্থীদের হাফপাস ৩০ টাকা নির্ধারণের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ ও বাসদ বর্ধিত ফোরামের সদস্য রুহুল আমিন সোহাগ।
সমাবেশে নেতারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই গণপরিবহনের ভাড়া বাড়ানো হয়েছে। সরকারি প্রজ্ঞাপনে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে। তাদের হিসাবে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ১৯ কিলোমিটার দূরত্বের ভাড়া ৪৯ টাকা ৪০ পয়সা এবং ৫ টাকা টোলসহ মোট ভাড়া দাঁড়ায় ৫৪ টাকা ৪০ পয়সা। ফলে এ রুটে সর্বোচ্চ ভাড়া ৫৫ টাকা হওয়া উচিত।
তারা অভিযোগ করেন, সরকারি প্রজ্ঞাপন উপেক্ষা করে এ রুটে ভাড়া ৫৫ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছিল। যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আবার ৫৫ টাকা নেওয়া হলেও বাস মালিকরা পুনরায় ৬০ টাকা করার চেষ্টা করছেন।
নেতারা আরও বলেন, পাঁচ মাসে তিন দফা জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় এমনিতেই বেড়েছে। এ অবস্থায় জ্বালানির দাম বাড়ানোয় নিত্যপণ্য ও গণপরিবহনের ব্যয়ের ওপরও প্রভাব পড়ছে।
সমাবেশ থেকে অবিলম্বে বর্ধিত জ্বালানি তেলের মূল্য প্রত্যাহার, গণপরিবহনের অযৌক্তিক ভাড়া বৃদ্ধি বন্ধ, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া সর্বোচ্চ ৫৫ টাকা ও শিক্ষার্থীদের হাফপাস ৩০ টাকা নির্ধারণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।





































