আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। এর মধ্য দিয়ে পরিকল্পিত নগরায়ণ, অপরিকল্পিত আবাসন ও নগর সম্প্রসারণ নিয়ন্ত্রণ এবং নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল নতুন এই কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর খানপুর ঈসাখাঁ সড়কে এনডিএর কার্যালয় উদ্বোধন করেন মন্ত্রী। উদ্বোধনের পর তিনি বলেন, নারায়ণগঞ্জের নিজস্ব প্রয়োজন ও বাস্তবতার ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন করে নগর উন্নয়নে কাজ করবে এনডিএ।
জাকারিয়া তাহের সুমন বলেন, ‘এই সরকারের সময় নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের আইন পাস হয়েছে। এখন সেটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। রাজউক ও এনডিএ এই সরকারের অংশ। জনগণের সুবিধার জন্য যা করা প্রয়োজন, তাই করা হবে। নারায়ণগঞ্জবাসী যেন আরও বেশি সেবা পায় এবং একটি পরিকল্পিত নগর গড়ে তোলা যায়, সেই লক্ষ্যেই এটি করা হয়েছে।’
মন্ত্রী বলেন, রাজউকের মাস্টারপ্ল্যানের পাশাপাশি নারায়ণগঞ্জের জন্য বিশেষ পরিকল্পনা প্রণয়ন করবে এনডিএ। সেই পরিকল্পনা অনুযায়ী নগর উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।
নারায়ণগঞ্জ ও সংলগ্ন এলাকায় পরিকল্পিত ও আধুনিক নগর গড়ে তোলার লক্ষ্যে এনডিএ গঠন করা হয়েছে। ভূমির প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা, অপরিকল্পিত নগরায়ণ নিয়ন্ত্রণ, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা, তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করার বিষয়গুলো এর কার্যপরিধিতে রয়েছে।
এনডিএর চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব বলেন, নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা অনুযায়ী একটি পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়ে তুলতে কাজ করবে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ। এ জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের পাশাপাশি নাগরিকদের আইনগত অধিকার ও সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
এর আগে গত ২৪ আগস্ট নগরীর বিভিন্ন ভবনের পার্কিং ব্যবস্থা পরিদর্শনের মধ্য দিয়ে মাঠপর্যায়ে কার্যক্রমে অংশ নেন এনডিএ চেয়ারম্যান।
নারায়ণগঞ্জে পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রক্রিয়া শুরু হয় ২০২৫ সালের শেষ দিকে। তৎকালীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত বছরের ১৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ নগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়।
পরবর্তী সময়ে চলতি বছরের ২৯ জানুয়ারি অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ-সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়। এরপর ১১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।
কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে এখন থেকে এনডিএর আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালিত হবে। নতুন কর্তৃপক্ষের মাধ্যমে নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকার নগর পরিকল্পনা, ভূমি ব্যবহার ও উন্নয়ন কার্যক্রম একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




































