২৯ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫৩, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় পাগলনাথ মন্দিরে দেবোত্তর সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ

ফতুল্লায় পাগলনাথ মন্দিরে দেবোত্তর সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্রী শ্রী বাবা পাগলনাথ জিউর ও রামসীতা মন্দিরের দেবোত্তর সম্পত্তিতে আদালতের আদেশ অমান্য করে রাতের আঁধারে নির্মাণকাজ চালানোর অভিযোগ উঠেছে। মন্দির কমিটির সিদ্ধান্ত ও অনুমোদন ছাড়া সেখানে দোকান ও স্থাপনা নির্মাণ করে দেবোত্তর সম্পত্তি আত্মসাতেরও অভিযোগ করেছেন এক পক্ষ। একই সঙ্গে আদালতের আদেশসংবলিত ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগও উঠেছে।

অভিযোগকারীদের দাবি, দেবোত্তর সম্পত্তি নিয়ে বিরোধের ঘটনায় আদালত নথিপত্র পর্যালোচনা করে উভয় পক্ষকে স্থিতাবস্থা (Status quo) বজায় রাখার নির্দেশ দিয়েছেন। ফলে আদালতের আদেশ অনুযায়ী ওই সম্পত্তিতে কোনো পক্ষেরই নতুন করে নির্মাণকাজ করার সুযোগ নেই।

তবে ওই আদেশের পরও ফতুল্লা মডেল থানার পুলিশের নজর এড়িয়ে রাতের আঁধারে নির্মাণকাজ চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, দেবোত্তর সম্পত্তির ওপর একটি স্থাপনার ছাদে রড দিয়ে নির্মাণকাজ করা হচ্ছে। স্থানীয়দের ভাষ্য, আরও এক-দুই দিন কাজ চললে ছাদ ঢালাই করা হতে পারে। ঢালাইয়ের প্রস্তুতির অংশ হিসেবেই বর্তমানে রাতের বেলায় বিভিন্ন কাজ করা হচ্ছে বলে তাদের দাবি।

ওই স্থাপনায় আদালতের আদেশসংবলিত একটি পোস্টার লাগানো হয়েছিল। তবে সরেজমিনে গিয়ে সেটি দেখা যায়নি। অভিযোগকারীরা দাবি করেন, মন্দিরের সেবায়েত চিন্ময় দাসের লোকজন পোস্টারটি ছিঁড়ে ফেলেছেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, পাগলনাথ জিউর ও রামসীতা মন্দিরের দেবোত্তর সম্পত্তি নিয়ে দুই পক্ষের বিরোধ দীর্ঘদিনের। এ নিয়ে তিনি কয়েকবার ঘটনাস্থলে গেছেন।

ওসি বলেন, “আদালতের আদেশ রয়েছে, দুই পক্ষের কেউ কাজ করতে পারবে না। তবে আমি শুনেছি, একটি পক্ষ চুরি করে কাজ করে। আমরা যাওয়ার পর ঘটনাস্থলে কাউকে পাইনি।”

তিনি আরও বলেন, “আমাদের তো ২৪ ঘণ্টা সেখানে বসে থাকা সম্ভব নয়। যে পক্ষ চুরি করে নির্মাণকাজ চালায়, তার বিপক্ষের লোকজন যদি আমাদের অবহিত করে, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। ফোর্স পাঠাব।”

এদিকে, এসব অভিযোগের বিষয়ে মন্দিরের সেবায়েত চিন্ময় দাসের বক্তব্য জানতে মন্দিরে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

সর্বশেষ

জনপ্রিয়