২৯ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫৮, ২৯ সেপ্টেম্বর ২০২৬

জিয়া হল হবে আধুনিক সংস্কৃতি কেন্দ্র: সাখাওয়াত

জিয়া হল হবে আধুনিক সংস্কৃতি কেন্দ্র: সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, চাষাঢ়া জিয়া হলকে আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

তিনি বলেন, “গত সরকারের আমলে জিয়া হল ভেঙে ফেলার চেষ্টা হয়েছে। একটি পক্ষ সেখানে বহুতল মার্কেট নির্মাণ করার জন্য চেষ্টা করেছিল, সেই পক্ষ এখন নাই। আমরা জিয়া হলটাকে আধুনিকভাবে একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে নারায়ণগঞ্জের মানুষ যাতে ব্যবহার করতে পারে সেটার চেষ্টা করছি। তারই অংশ হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই প্রকল্পকে অগ্রাধিকার প্রজেক্ট হিসেবে গ্রহণ করেছেন।”

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় নগর ভবনের অডিটোরিয়ামে “শহীদ জিয়া হলের” স্থাপত্য নকশা উপস্থাপনা বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমরা জাইকার কাছে সবচেয়ে ঋণী, আমি যখন মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে চিঠি পাই সে সময় সাথে তাদের প্রতিনিধি দল আমার সামনেই ছিল। তারা আমাদেরকে ৩০০ কোটি টাকার কিছু প্রজেক্ট নেওয়ার জন্য বলেছিল। সেই প্রকল্প জমা দেওয়ার পর তারা ১৮০ কোটি টাকার প্রজেক্ট গ্রহণ করে। পরে আমরা তাদেরকে প্রস্তাব দেই, বাকি টাকায় জিয়া হল করা জন্য।”

নাসিক প্রশাসক বলেন, “এই প্রকল্পটি বাস্তবায়ন হলে আমি মনে করি, এটি সাংস্কৃতিক চর্চা সহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের ‘হাব’ হিসাবে ব্যবহার হবে। মাটির নিচে দুইটা ফ্লোর রেখেছি। যেখানে প্রায় তিন-চারশ গাড়ি রাখা যাবে। মাটির উপরে আরও নয় তলা থাকবে। সেখানে কি কি থাকা দরকার সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করে সেটা যাতে সুন্দরভাবে আমরা করতে পারি সেটা জন্য আপনাদের মতামত নেওয়ার চেষ্টা করব। আমরা চাই একটা বড় ধরনের কমিউনিটি সেন্টার, আর্ট গ্যালারি, সিনেপ্লেক্স, নাট্যশালা, ফুডকোর্ট হোক।”

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাইনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাবেক নারী কাউন্সিলর দিলারা মাসুদ ময়না, নাসিক নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম, খেলাঘর আসরের সভাপতি জহিরুল ইসলাম, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনা প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়