সিদ্ধিরগঞ্জে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করলেন মাওলানা জব্বার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও নাসিক মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন রাস্তা কবরস্থান জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর তিনি মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় মাওলানা আবদুল জব্বার পবিত্র কুরআনের আয়াত তিলাওয়াত করে আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মানুষ কুরআন ও সুন্নাহ অনুযায়ী নিজেকে পরিশুদ্ধ করতে পারলে সমাজে অন্যায়, অবিচার ও অপরাধ কমে আসবে।
নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, প্রতি মাসে আইনশৃঙ্খলা কমিটির সভায় একাধিক হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধের চিত্র উঠে আসে। হযরত ওমর (রা.)-এর শাসনামলের উদাহরণ টেনে তিনি বলেন, মানুষের মধ্যে আল্লাহভীতি থাকলে অন্যায় ও অপরাধ থেকে বিরত থাকা সম্ভব।
বর্তমান নেতৃত্বের সমালোচনা করে তিনি চাঁদাবাজি, ডাকাতি ও মানুষের ওপর নির্যাতনের অভিযোগ তুলে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন।
আগামী দিনে ঈমান ও দ্বীনের পক্ষে থাকা সৎ ও জনকল্যাণমুখী নেতৃত্ব বেছে নিয়ে পরিবর্তনকামী ও আল্লাহভীরু সমাজ গঠনের আহ্বান জানান মাওলানা আবদুল জব্বার।
এ সময় শত শত মুসল্লির পাশাপাশি সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা জামায়াতের আমীর আলহাজ কফিল আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





































