সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় ৯ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও অপহরণ মামলাসহ বিভিন্ন মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সুমিলপাড়া বিহারী ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলায় তিনজন, সামারি ট্রায়ালের অভিযুক্ত তিনজন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় একজন, অপহরণ মামলায় একজন এবং পরোয়ানাভুক্ত একজন আসামি রয়েছেন।
সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তাররা হলেন আব্দুর রহমান (৩০), শুভ ইসলাম (২৪) ও সাব্বির আহাম্মেদ ওরফে লাল বাবু (৫৭)।
সামারি ট্রায়ালের অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে দ্বীন ইসলাম (৩৬), পাপ্পু (৩০) ও ফরিদকে (২৫)। এছাড়া বিশেষ ক্ষমতা আইনের মামলায় আরিফ (২৬), অপহরণ মামলায় রেজাউল খান রিফাত (২১) এবং পরোয়ানাভুক্ত আসামি আবিয়াত রহমান আজাদ শান্তকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার নয়জনকে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।





































