আগে ফুটপাতের একটি লাইন ছিল, এখন দুই লাইন: শাব্বীর
নারায়ণগঞ্জে তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি, লোডশেডিং, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বাসভাড়া বৃদ্ধি ও ফুটপাত দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী যুব মজলিসের মহানগর ও জেলা শাখা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ বলেন, ‘বিদ্যুৎ পাওয়া যায় না, কিন্তু বিল আসে ভুতুড়ে। কয়েক মাসের বিদ্যুৎ বিল যেন এক মাসেই চলে আসে। আমরা বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে গেছি। গ্যাসও পাওয়া যায় না।’
ফুটপাত দখল প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছুদিন আগে নারায়ণগঞ্জ-৫ আসনের যিনি এমপি, তিনি নারায়ণগঞ্জে মহড়া দিয়ে গেলেন যে ফুটপাতে হকার থাকবে না। মহড়া দিয়ে গেলেন, এটা কি নাটক করলেন, নাকি জনগণের সঙ্গে তামাশা করলেন, আমরা বুঝলাম না। কয়েক দিন পর আবার আরেক গ্রুপ এসে জায়গা দখল করল। আগে ফুটপাতের মধ্যে একটি লাইন ছিল, এখন রাস্তায় দুই লাইন হয়ে গেছে। ফুটপাতে মানুষ হাঁটতে পারে না।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শেখ শাব্বীর আহমাদ বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই নিম্ন পর্যায়ে চলে গেছে। আপনারা দেখেছেন, বন্দরে টানা খুন হচ্ছে। আবার আসামি পাওয়া যায় এমপি সাহেবের বাড়ির এলাকায়। এটা কী চলছে নারায়ণগঞ্জে? নারায়ণগঞ্জে কোন এলাকা নিরাপদ আছে?’
কিশোর গ্যাং প্রসঙ্গে তিনি বলেন, ‘বড় বড় কিশোর গ্যাংয়ের লিডাররা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে। আপনারা বলেছেন আওয়ামী লীগের বিচার করবেন। আওয়ামী লীগের বড় বড় চিহ্নিত সন্ত্রাসী, যারা জুলাই আন্দোলনের সময় অস্ত্র নিয়ে ঘোরাফেরা করেছিল, তারাও এখন এলাকায় ঘোরাফেরা করে। জনগণের জন্য আপনারা কী করলেন?’
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, ‘মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়ছে। মানুষের মৌলিক অধিকার, চিকিৎসা, বস্ত্রসহ বিষয়গুলো নিশ্চিত করতে পারছেন না। কোথাও মানুষের নিরাপত্তা নেই। কিশোর গ্যাংয়ের তাণ্ডবে মানুষ নিরাপদে চলাফেরা করতে পারছে না।’
বিএনপিকে সতর্ক করে এই নেতা বলেন, ‘বিএনপির সঙ্গে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আপনাদের আমরা ভাই হিসেবে সতর্ক করতে চাই, আপনারা সতর্ক হয়ে যান। আপনারা যদি মনে করেন আওয়ামী লীগের পথেই হাঁটবেন, তাহলে আপনারা কিন্তু পার পাবেন না। জনগণ আপনাদের ছেড়ে দেবে না।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে আপনাদের নিয়ে যেভাবে মাঠে ছিলাম, যদি প্রয়োজন মনে হয়, আপনারা যদি জুলাই বাস্তবায়ন না করেন, তেলের দাম না কমান, এভাবেই যদি চলতে থাকে, দ্রব্যমূল্যের বৃদ্ধি যদি হতেই থাকে, তাহলে আপনাদের বিরুদ্ধেও আন্দোলনে নামতে আমরা কুণ্ঠা করব না।’
ইসলামী যুব মজলিস মহানগরের সভাপতি ডা. মোতাহার হুসাইনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, জেলার সভাপতি রিফাত আহমদ সাজিদ, জেলা সহসভাপতি আহমদ যোবায়ের তানভীর, মহানগর সহসভাপতি মুহাম্মদ সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক সামসুর রহমান, জেলা সহসাধারণ সম্পাদক হাফেজ শরীফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক তানভীর শিকদার, খেলাফত মজলিসের ফতুল্লা থানা সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম, সদর থানা সহসাধারণ সম্পাদক মারুফুল ইসলাম পাটওয়ারী, ইসলামী ছাত্র মজলিসের জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজ, ইসলামী যুব মজলিসের সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি আব্দুল্লাহ আল-মামুন, ফতুল্লা থানা সভাপতি আয়ান আরিজ শিপন ও সহসভাপতি মুফতী সাঈদ আল-মাহবুবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।





































