শ্রমিক হত্যার বিচার ও ন্যায্য মজুরির দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ
আশুলিয়ায় প্রীতি গ্রুপের কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত শ্রমিকদের পরিবারকে আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা ও পুনর্বাসনসহ বিভিন্ন দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সংগঠনটির জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সেলিম মাহমুদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ। প্রধান বক্তা ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি আবু নাঈম খান বিপ্লব।
এ সময় আরও বক্তব্য দেন রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সহসভাপতি হাসনাত কবির, সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি রুহুল আমিন সোহাগ, রূপগঞ্জ থানা শাখার সভাপতি সোহেল, গাবতলি-পুলিশ লাইন-টাগারপাড় শিল্পাঞ্চল শাখার সভাপতি মোফাজ্জল হোসেন এবং সেঞ্চুরি এ্যাপারেলস লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম।
বক্তারা বলেন, আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের কারখানা প্রাঙ্গণে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিকসহ বহু মানুষ হতাহত হয়েছেন। এ ঘটনায় দায়ীদের চিহ্নিত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিহত শ্রমিকদের পরিবারকে তাঁদের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ এবং আহতদের পূর্ণাঙ্গ চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানান তারা।
কর্মক্ষেত্রে দুর্ঘটনায় শ্রমিক ও তাঁদের পরিবারের সুরক্ষায় স্থায়ী এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম (ইআইএস) চালুর দাবিও জানানো হয়।
বক্তারা আরও বলেন, জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির সঙ্গে বর্তমান মজুরি সামঞ্জস্যপূর্ণ নয়। এজন্য গার্মেন্টস খাতে মজুরি বোর্ড গঠন করে জাতীয় পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যায্য মজুরি নির্ধারণ করতে হবে।
সেঞ্চুরি এ্যাপারেলসসহ বিভিন্ন কারখানার ছাঁটাই ও চাকরিচ্যুত শ্রমিকদের মজুরি, ক্ষতিপূরণ, সার্ভিস বেনিফিটসহ আইনগত পাওনা অবিলম্বে পরিশোধের দাবি জানান নেতারা। একই সঙ্গে শ্রম আইনের ১২৪(ক) ধারার অপব্যবহার করে শ্রমিকদের প্রকৃত পাওনার চেয়ে কম অর্থে আপোষে বাধ্য করা বন্ধের দাবি জানান তারা।
সমাবেশ থেকে প্রীতি গ্রুপের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় দায়ীদের শাস্তি, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন, স্থায়ী ইআইএস চালু, মজুরি বোর্ড গঠন, ছাঁটাইকৃত শ্রমিকদের আইনগত পাওনা পরিশোধ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা আইন ও বিধিমালা কঠোরভাবে বাস্তবায়নসহ নয় দফা দাবি জানানো হয়।
শেষে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান নেতারা।





































