২৫ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৩৮, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে ৫৬ অবৈধ চুনা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন

সোনারগাঁয়ে ৫৬ অবৈধ চুনা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৫৬টি চুনা কারখানা বন্ধ এবং এসব কারখানার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে পরিবেশ রক্ষা আন্দোলন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার উদ্ববগঞ্জ এলাকায় সোনারগাঁও প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি কবি রহমান মুজিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোকাররম মামুনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সুবর্ণগ্রাম সংস্কৃতি অঙ্গনের সভাপতি কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহেদ কায়েস, সোনারগাঁও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন, সুজন সোনারগাঁও শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উদীচী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, সংগঠনের সহসভাপতি মোয়াজ্জেনুল হক, যুগ্ম সম্পাদক মোফাখখার সাগর, কার্যনির্বাহী কমিটির সদস্য রোকেয়া আক্তার ও শিপন চৌধুরী। সমাপনী বক্তব্য দেন সংগঠনের সভাপতি কবি রহমান মুজিব।

মানববন্ধনে বক্তারা বলেন, ঐতিহাসিক জনপদ সোনারগাঁয়ে বর্তমানে প্রায় ৫৬টি অবৈধ চুনা কারখানা গড়ে উঠেছে। এসব কারখানা থেকে নির্গত দূষণের কারণে এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে আবাসিক এলাকার কাছাকাছি থাকা কারখানাগুলোর কারণে শিশু ও বয়স্কসহ বিভিন্ন বয়সী মানুষ শ্বাসকষ্ট ও চর্মরোগসহ নানা স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হচ্ছেন বলে দাবি করেন তারা। পাশাপাশি স্থানীয় প্রাকৃতিক পরিবেশেও বিরূপ প্রভাব পড়ছে বলে জানান বক্তারা।

বক্তারা অভিযোগ করেন, এসব অবৈধ কারখানার পেছনে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ও প্রশাসনিক মহল এবং তিতাসের কতিপয় অসাধু কর্মকর্তার মদদ রয়েছে। এছাড়া বিশেষ কিছু পেশার ব্যক্তির সম্পৃক্ততারও অভিযোগ করেন তারা।

তারা বলেন, অবৈধ চুনা কারখানার সঙ্গে জড়িতদের নাম প্রকাশ হওয়ার পরও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তিতাসের সংশ্লিষ্ট কর্মকর্তা, কারখানার মদদদাতা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। একই সঙ্গে পরিবেশ রক্ষায় স্থানীয়ভাবে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

মানববন্ধনে রাশেদ এহসান, রমিম, সাংবাদিক খায়রুল ইসলাম খোকন, ইমরান হোসেন, ডালিম হোসেন, বিরুদ আলীসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়