২৪ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:১২, ২৪ সেপ্টেম্বর ২০২৬

প্রীতিলতার আত্মাহুতি দিবসে ছাত্র ফ্রন্টের শ্রদ্ধা

প্রীতিলতার আত্মাহুতি দিবসে ছাত্র ফ্রন্টের শ্রদ্ধা

ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবসে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনটির উদ্যোগে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক সুলতানা আক্তার, নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম, সংগঠক আহাম্মেদ রবিন স্বপ্ন, প্রভাতী আক্তার, লাগারথা লিথি ও মাহিম।

শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের নেতারা বলেন, সাম্রাজ্যবাদ ও ব্রিটিশ ঔপনিবেশিক শাসনবিরোধী আন্দোলনে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রীতিলতা ওয়াদ্দেদার। ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণে নেতৃত্ব দেন তিনি। পরে ব্রিটিশ বাহিনীর হাতে ধরা না দিয়ে পটাশিয়াম সায়ানাইড গ্রহণ করে আত্মাহুতি দেন।

তারা বলেন, প্রীতিলতার আত্মত্যাগ প্রমাণ করেছে দেশের স্বাধীনতা ও মুক্তির লড়াইয়ে নারীরা কোনো অংশেই পিছিয়ে নেই। শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে তাঁর সংগ্রাম আজও অনুপ্রেরণার উৎস।

নেতারা আরও বলেন, যে বৈষম্যহীন ও স্বাধীন স্বদেশের স্বপ্ন নিয়ে প্রীতিলতারা জীবন উৎসর্গ করেছিলেন, তা এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। সাম্রাজ্যবাদী শোষণ, সাংস্কৃতিক আগ্রাসন এবং নারীর ওপর সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে প্রীতিলতার সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে।

শিক্ষার বাণিজ্যিকীকরণ ও সাম্প্রদায়িকীকরণের বিরুদ্ধে এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষার আন্দোলনেও প্রীতিলতার বিপ্লবী চেতনা অনুপ্রেরণা জোগায় বলে উল্লেখ করেন তারা।

সর্বশেষ

জনপ্রিয়