সোনারগাঁয়ে মেঘনায় ট্রলারডুবি: উদ্ধারকাজ পরিদর্শনে এমপি মান্নান
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় চলমান উদ্ধার কার্যক্রম পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রলারডুবিতে এক নারী নিহত হয়েছেন এবং একই পরিবারের চারজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও থানা পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
উদ্ধার কার্যক্রম পরিদর্শনকালে এমপি আজহারুল ইসলাম মান্নানের সঙ্গে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিন্নাত, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় আজহারুল ইসলাম মান্নান নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং নিখোঁজদের দ্রুত সন্ধান ও উদ্ধারের প্রত্যাশা ব্যক্ত করেন।





































