অতিরিক্ত বাস ভাড়া প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের কাছে গণসংহতির স্মারকলিপি
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার এবং সরকার নির্ধারিত ভাড়া কার্যকর করার দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে স্মারকলিপি দিয়েছে গণসংহতি আন্দোলন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজনের নেতৃত্বে প্রতিনিধি দলটি জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি প্রদান করে।
এ সময় প্রতিনিধি দলে ছিলেন মহানগর কমিটির সমন্বয়কারী মো. বিপ্লব খান, জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, মহানগর কমিটির নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার, জেলা কমিটির প্রচার সম্পাদক শুভ দেব এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সভাপতি সৃজয় সাহাসহ অন্যরা।
স্মারকলিপি প্রদানকালে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, বিগত সরকারের সময়ে যে সিন্ডিকেট পরিবহন খাত নিয়ন্ত্রণ করত, তারা এখনো বহাল রয়েছে। শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে, ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। বাস মালিকদের একটি সিন্ডিকেট বাস ভাড়া বাড়ানোর জন্য সবসময় তৎপর থাকে।
তিনি বলেন, গত ২৩ এপ্রিল সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর কিলোমিটারপ্রতি বাস ভাড়া ১১ পয়সা নির্ধারণ করে। কিন্তু গত ২১ সেপ্টেম্বর পর্যন্ত বাস মালিকরা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৫৫ টাকা ভাড়া নির্ধারণ করে সরকারের সিদ্ধান্ত অমান্য করেছেন এবং যাত্রীদের কাছ থেকে প্রায় ৩ টাকা অতিরিক্ত আদায় করেছেন। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তরিকুল সুজন আরও বলেন, গত ২০ সেপ্টেম্বর সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ঘোষণা দেওয়ার পরপরই বাস মালিকরা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ‘উৎসব’ ও ‘বন্ধন’ বাসের ভাড়া ৫ টাকা বাড়িয়ে ৬০ টাকা এবং ঢাকা নগর পরিবহনের এসি বাসের ভাড়া ১০ টাকা বাড়িয়ে ৮০ টাকা আদায় করছে। একই সঙ্গে শিক্ষার্থীদের কাছ থেকে ৩০ টাকার পরিবর্তে ৪০ টাকা হাফ ভাড়া নেওয়া হচ্ছে। সাধারণ ভাড়া ৬০ টাকা হলে শিক্ষার্থীদের হাফ ভাড়া ৪০ টাকা কীভাবে নির্ধারণ করা হলো এ প্রশ্নও তোলেন তিনি।
তিনি বাস মালিকদের এ ধরনের ভাড়া আদায়কে যাত্রীদের ওপর অন্যায্য চাপ হিসেবে উল্লেখ করে অতিরিক্ত ভাড়া প্রত্যাহারের দাবি জানান।
এ সময় জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভাপতি হিসেবে জেলা প্রশাসক মো. রায়হান কবির গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দের বক্তব্য শোনেন। পরে তিনি বিআরটিএর সহকারী পরিচালক মো. মাহবুবুর রহমানের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।
গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ জানান, জেলা প্রশাসক তাদের সঙ্গে একমত পোষণ করে বলেছেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বাস মালিকদের সঙ্গে আলোচনা করে যৌক্তিক বাস ভাড়া নির্ধারণের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।





































