বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বন্ধন ও উৎসব পরিবহনের বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদ এবং সপ্তাহে সাত দিন শিক্ষার্থীদের শর্তহীন হাফ পাস ৩০ টাকা নির্ধারণের দাবিতে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার নেতারা। পরে বাস কাউন্টার পরিদর্শনে গেলে কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে প্রায় এক ঘণ্টা উভয় পরিবহনের টিকিট কাউন্টার বন্ধ থাকে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার নেতারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে বাস ভাড়া বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন।
ছাত্র ফেডারেশনের নেতাদের অভিযোগ, সরকারি কোনো প্রজ্ঞাপন ছাড়াই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সাধারণ যাত্রীদের বাস ভাড়া ৫৫ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া হিসেবে ৪০ টাকা আদায় করা হচ্ছে।
তারা এ ভাড়া বৃদ্ধিকে ‘অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’ উল্লেখ করে সপ্তাহে সাত দিন শিক্ষার্থীদের শর্তহীন হাফ পাস নিশ্চিত করার দাবি জানান। তাদের দাবি, আগের ৫৫ টাকা ভাড়ার অর্ধেক হিসেবে শিক্ষার্থীদের কাছ থেকে ২৮ টাকা অথবা সর্বোচ্চ ৩০ টাকা ভাড়া নিতে হবে।
ছাত্র ফেডারেশনের নেতারা বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে মালিকপক্ষের ভাড়া বৃদ্ধি তারা মেনে নেবেন না। কাউন্টারগুলোতে সাধারণ যাত্রীদের কাছ থেকে আগের ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়া না হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তারা।
তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক বিষয়টি নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ছাত্র ফেডারেশনের নেতারা।
পরে বিকেল ৪টার দিকে সংগঠনটির নেতারা চাষাঢ়ায় উৎসব ও বন্ধন পরিবহনের কাউন্টার পরিদর্শনে যান। সেখানে বর্ধিত ভাড়া আদায়কে কেন্দ্র করে কাউন্টার কর্তৃপক্ষের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রায় এক ঘণ্টা উভয় পরিবহনের টিকিট কাউন্টার বন্ধ রাখা হয়।
পরে পরিবহন মালিকপক্ষের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে বিষয়টি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ আশ্বাসের পর ছাত্র ফেডারেশন দিনের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে।





































