দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: সাখাওয়াত
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ‘আমাদের স্লোগান একটাই দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ; সবার আগে বাংলাদেশ।’ তিনি অভিযোগ করেন, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে আওয়ামী লীগ আবারও ‘গুপ্ত সংগঠনকে’ ব্যবহার করে দেশে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ৩টায় নগরীর হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সামনে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ প্রতিবাদে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, ‘কোনো ধরনের বিশৃঙ্খলা ও অরাজকতা সহ্য করা হবে না। জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।’
তিনি বলেন, ‘আমাদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক ও গণতন্ত্রের প্রাণপুরুষ জাতিসংঘের সাধারণ অধিবেশনে একটি পূর্ণাঙ্গ ও ঐতিহাসিক ভাষণ দিয়েছেন। বিশ্বের যুদ্ধবিগ্রহ বন্ধ, ফিলিস্তিনের স্বাধীনতা ও রোহিঙ্গা সমস্যা সমাধানের যে সুনির্দিষ্ট রূপরেখা তিনি তুলে ধরেছেন, তার জন্য সমগ্র জাতির পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই।’
নারায়ণগঞ্জের সাম্প্রতিক ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘গত কয়েক দিন আগে বন্দরে ১৫ জনের একটি ঝটিকা মিছিল থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কেউ বন্দরের বা নারায়ণগঞ্জের স্থানীয় লোক নয়। বহিরাগতদের এনে বন্দরকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সাখাওয়াত বলেন, ‘গত ১৫ বছর একটি স্বৈরাচারী দল একটি নিষিদ্ধ গুপ্ত সংগঠনকে তাদের আঁচলের নিচে রেখে লালন-পালন করেছে। জনগণ সাত মাস আগে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচন করেছে। কিন্তু এখন সেই আওয়ামী লীগকে ব্যবহার করে আবারও অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে।’
এ বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি খতিয়ে দেখার জোর দাবি জানান তিনি।
সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, জাকির হোসেন, মনির হোসেন খান, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর আহ্বায়ক কমিটির সদস্য ডা. মুজিবুর রহমান, সাবেক ছাত্রনেতা সরকার আলমসহ সদর থানা বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা।





































