নারায়ণগঞ্জ-গাজীপুর রুটে বৈদ্যুতিক ট্রেন চালু করছে সরকার
নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন চালু করতে যাচ্ছে বিএনপি সরকার। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ৫২ কিলোমিটারের এই রেলপথে প্রথমবারের মতো চলবে বৈদ্যুতিক ট্রেন। কেননা, বর্তমানে রেল যোগাযোগের ডিজেলচালিত ইঞ্জিন ব্যবহার করা হয়।
আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রকল্পটি অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তোলা হবে। একনেকের এ সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরকারের সংশ্লিষ্ট সূত্র বলছে, ৩ হাজার ৮২৩ কোটি টাকার এই প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) ২ হাজার ৮৮০ কোটি টাকা উন্নয়ন সহায়তা দেবে। এ প্রকল্প বাস্তবায়নের জন্য আগামী ২০৩১ সালের জুন পর্যন্ত মেয়াদ ধরা হয়েছে।
সরকারি নথিপত্র অনুযায়ী, বৈদ্যুতিক ট্রেনে ৪০ শতাংশ বেশি জ্বালানি সাশ্রয়ী হবে এবং ট্রেনের গতিও উল্লেখযোগ্য হারে বাড়বে।
প্রস্তাবনায় বলা হয়েছে, ঢাকা এবং এর দুই পাশের শিল্পাঞ্চল গাজীপুর ও নারায়ণগঞ্জের মধ্যে যানজট ও গাড়ির চাপ কমাতে এই রুটটি একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট লিংক হতে পারে। পুরোনো ডিজেলচালিত ইঞ্জিনের কারণে বর্তমানে ট্রেনগুলো কাঙ্ক্ষিত গতিতে চলতে পারে না এবং যাত্রীদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ট্রিপও দেওয়া সম্ভব হয় না।
এই বাধাগুলো দূর করতেই রেলওয়ে প্রকল্পটি হাতে নিয়েছে। এটি চালু হলে প্রতিদিন গাজীপুর, ঢাকা ও নারায়ণগঞ্জে যাতায়াতকারী হাজারো যাত্রী দ্রুত, সাশ্রয়ী ও নিরাপদ গণপরিবহন সুবিধা পাবেন।
এই উদ্যোগের আওতায় ট্রেনের পরিচালনা ব্যবস্থা পুরোপুরি ডিজেল থেকে বিদ্যুতে রূপান্তরিত হবে। রেললাইনের ওপর দিয়ে ‘ওভারহেড ওয়্যার’ বা বিদ্যুতের তার স্থাপন করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নির্দিষ্ট দূরত্বে বিশেষায়িত ‘ট্রাকশন সাবস্টেশন’ নির্মাণ করা হবে।





































