বৈষম্য নয়, উন্নয়ন বরাদ্দ জনগণের অধিকার: আব্দুল্লাহ আল আমিন
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, সরকারি উন্নয়ন বরাদ্দে কোনো ধরনের বৈষম্য থাকা উচিত নয়। সরকারি বরাদ্দ কোনো সংসদ সদস্যের ব্যক্তিগত সম্পদ নয়, এটি জনগণের অধিকার। দলীয় পরিচয়ের ভিত্তিতে নয়, প্রতিটি এলাকার মানুষের ন্যায্য অধিকার বিবেচনায় উন্নয়ন বরাদ্দ নিশ্চিত করতে হবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এনায়েতনগর ইউনিয়নের পঞ্চবটিতে ফাজেলপুর জামে মসজিদে জুমার নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল্লাহ আল আমিন বলেন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে অপ্রয়োজনীয় দূরত্ব থাকা উচিত নয়। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করা এবং তাদের কথা সরাসরি শোনা তাঁর দায়িত্ব।
এলাকার নাগরিক সমস্যা সমাধানে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জলাবদ্ধতা, মাদক, আইনশৃঙ্খলা ও নিরাপত্তার মতো সমস্যা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়; এগুলো পুরো এলাকার মানুষের সমস্যা। তাই রাজনৈতিক বিভাজনের পরিবর্তে সম্মিলিত সামাজিক উদ্যোগ প্রয়োজন।
মাদকের বিষয়ে তিনি বলেন, কোনো মাদক ব্যবসায়ী বা অপরাধী আত্মীয়-স্বজন কিংবা রাজনৈতিক পরিচয়ের কারণে আইনের ঊর্ধ্বে থাকতে পারেন না। অন্যায়কারী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করতে হবে।
আলেম সমাজের উদ্দেশে আব্দুল্লাহ আল আমিন বলেন, অন্যায় ও অসঙ্গতির বিরুদ্ধে হক কথা বলা তাঁদের দায়িত্ব। সেই কথা কোনো জনপ্রতিনিধি বা রাজনৈতিক দলের বিপক্ষে গেলেও সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলাকে তিনি স্বাগত জানান।
তিনি আরও বলেন, রাজনীতি রাজনৈতিক পরিসরে থাকতে পারে, কিন্তু এলাকার নাগরিক সমস্যা সমাধানে দলাদলির স্থান থাকা উচিত নয়। পঞ্চায়েত, সামাজিক সংগঠন ও স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করা গেলে মাদক, অপরাধসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে কার্যকর পরিবর্তন আনা সম্ভব।
সবশেষে নারায়ণগঞ্জের মানুষের কাছে দোয়া চেয়ে তিনি বলেন, তিনি যেন সৎ ও ন্যায়ের পথে থেকে জনগণের কাছে জবাবদিহির মাধ্যমে দায়িত্ব পালন করতে পারেন।
জুমার নামাজ শেষে আব্দুল্লাহ আল আমিন মসজিদের মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে কুশল ও মতবিনিময় করেন।





































