২৪ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৪, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার গণসংহতির বিক্ষোভ

বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার গণসংহতির বিক্ষোভ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং এর প্রভাবে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে বৃহস্পতিবার সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

গণসংহতি আন্দোলনের দাবি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে এবং গণপরিবহনসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাব পড়বে। এরই মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস মালিকরা প্রজ্ঞাপন জারির আগেই যাত্রীপ্রতি ৫ টাকা ভাড়া বাড়িয়েছেন। শিক্ষার্থীদের হাফ পাস থাকার পরও ৪০ টাকা করে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছে সংগঠনটি।

সংগঠনটির নেতারা জানান, বাসভাড়ার বিষয়টি নিয়ে বুধবার জেলা প্রশাসকের কাছে তাদের বক্তব্য তুলে ধরা হয়েছে। তবে প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন তারা।

গণসংহতি আন্দোলনের দাবি, গত ২৩ এপ্রিল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাত্রীপ্রতি নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। এ বিষয়ে প্রশাসন আগে কঠোর অবস্থান নিলে বাস মালিকরা নিজেদের মতো করে ভাড়া বাড়াতে পারতেন না বলে মনে করেন সংগঠনটির নেতারা।

শুক্রবারের সমাবেশে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতারা বক্তব্য দেবেন। কর্মসূচিতে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সর্বশেষ

জনপ্রিয়