রূপগঞ্জে নিবন্ধন ছাড়া মাংস বিক্রি, ৬ ব্যবসায়ীকে জরিমানা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিবন্ধন ছাড়া মাংস বিক্রির দায়ে ছয় মাংস ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকালে উপজেলার ভুলতা এলাকায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল কুমার দাসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল কুমার দাস বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় মাংস বিক্রেতারা নিয়মনীতি না মেনে ব্যবসা পরিচালনা করছেন—এমন অভিযোগ তাদের কাছে রয়েছে। এর পরিপ্রেক্ষিতে ভুলতা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী নিবন্ধন ছাড়া মাংস বিক্রির অপরাধে ছয়জনকে পাঁচ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





































