১৬ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫৯, ১৬ অক্টোবর ২০২৬

আপডেট: ২২:০৮, ১৬ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে জমজমাট কাবাডি, টাইব্রেকারে কুন্ডা ইউনিয়নের জয়

সিদ্ধিরগঞ্জে জমজমাট কাবাডি, টাইব্রেকারে কুন্ডা ইউনিয়নের জয়

গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলাকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে জালকুড়ি এলাকার ৯ নম্বর ওয়ার্ড হাইস্কুল মাঠে সামাজিক সংগঠন ‘স্বপ্নের নারায়ণগঞ্জ’-এর আয়োজনে অনুষ্ঠিত খেলায় টাইব্রেকারে জয় পেয়েছে কেরানীগঞ্জের কুন্ডা ইউনিয়ন। তারা হারিয়েছে সিদ্ধিরগঞ্জের ৯ নম্বর ওয়ার্ডের দলকে।

জমকালো আয়োজনে অনুষ্ঠিত খেলাটি দেখতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী দর্শক। তাঁদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো মাঠ মুখর হয়ে ওঠে। ঘণ্টাব্যাপী শ্বাসরুদ্ধকর প্রতিদ্বন্দ্বিতার পর খেলা গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত জালকুড়ি ৯ নম্বর ওয়ার্ডকে হারিয়ে জয় তুলে নেয় কুন্ডা ইউনিয়ন। বিজয়ী দলের খেলোয়াড়দের মধ্যে দেখা যায় বাঁধভাঙা উচ্ছ্বাস।

খেলার উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব। উদ্বোধনী বক্তব্যে তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতিটি পাড়া-মহল্লায় এ ধরনের খেলাধুলার আয়োজন করা প্রয়োজন। খেলাধুলার পরিবেশ তৈরি করা গেলে তরুণ ও যুবসমাজকে বিপথে যাওয়া এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া থেকে দূরে রাখা সম্ভব।

প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতিই প্রমাণ করে, এ এলাকার মানুষ খেলাধুলাকে ভালোবাসেন। খেলাধুলার চর্চা বাড়লে মাদকাসক্তি ও অপরাধপ্রবণতা কমিয়ে একটি সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার মাঠে ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ফুটবল, ক্রিকেট ও কাবাডিসহ নানা ধরনের খেলাধুলার আয়োজন ইতিবাচক উদ্যোগ। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি এসব উদ্যোগ ছড়িয়ে দিতে হবে।

নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনের ঐতিহ্য তুলে ধরে সাখাওয়াত হোসেন খান বলেন, এ জেলা থেকে এমিলি, মোনায়েম মুন্নাসহ অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে এসেছেন। এ অঞ্চলে খেলাধুলার আরও সুযোগ তৈরি করা প্রয়োজন। তারেক রহমানের উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ১৪টি ওয়ার্ডে ফুটসাল মাঠ নির্মাণের জন্য ৫২ কোটি টাকা বরাদ্দের কথাও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘স্বপ্নের নারায়ণগঞ্জ’-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ। তিনি বলেন, তরুণ ও যুবসমাজকে মাদক, মোবাইল আসক্তি এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ এবং তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করতেই এ আয়োজন করা হয়েছে।

নারায়ণগঞ্জকে সুন্দর ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তোলার প্রচেষ্টার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

এ ছাড়া উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বাবুল প্রধান, জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী নুরুন নাহার ও থানা বিএনপির সাবেক সদস্য জাহাঙ্গীর প্রধানসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।

সর্বশেষ

জনপ্রিয়