১৬ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২০, ১৬ অক্টোবর ২০২৬

মাদকমুক্ত সমাজ গড়তে ছাত্র-যুবসমাজকে খেলার মাঠে ফেরাতে হবে: টিপু

মাদকমুক্ত সমাজ গড়তে ছাত্র-যুবসমাজকে খেলার মাঠে ফেরাতে হবে: টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, মাদকের আগ্রাসন থেকে ছাত্র ও যুবসমাজকে রক্ষা করতে তাদের খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। কাবাডিসহ বিভিন্ন খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে তরুণদের সুস্থ জীবন গঠনে উৎসাহিত করতে হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার ৯ নম্বর ওয়ার্ড হাইস্কুল মাঠে সামাজিক সংগঠন ‘স্বপ্নের নারায়ণগঞ্জ’ আয়োজিত কাবাডি খেলা ও আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টিপু অভিযোগ করেন, বিগত সরকারের ১৬ বছরে গ্রামে-গঞ্জে মাদকের ব্যাপক বিস্তার ঘটেছে। এতে ছাত্র ও যুবসমাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকে খেলাধুলা থেকে দূরে সরে গেছে।

তিনি বলেন, ছাত্র-যুবসমাজকে খেলার মাঠে ফেরাতে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্যোগ নিয়েছেন। গ্রামে-গঞ্জে খেলার মাঠ তৈরির নির্দেশ দিয়েছেন। কাবাডির পাশাপাশি ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট, দাবাসহ বিভিন্ন খেলায় তরুণদের অংশগ্রহণ বাড়াতে হবে।

খেলোয়াড়দের মূল্যায়নের প্রসঙ্গে টিপু বলেন, অবসর নেওয়ার পর খেলোয়াড়দের জীবিকার অনিশ্চয়তা দূর করতে মাসিক এক লাখ টাকা সম্মানী দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এতে তাঁরা নতুন খেলোয়াড় তৈরিতেও ভূমিকা রাখতে পারবেন বলে মন্তব্য করেন তিনি।

‘স্বপ্নের নারায়ণগঞ্জ’-এর কার্যক্রমের প্রশংসা করে তিনি সংগঠনটির সদস্যদের খেলাধুলার পাশাপাশি অসহায় মানুষের শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব। 

‘স্বপ্নের নারায়ণগঞ্জ’-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়