আনোয়ার প্রধান ও রিফাতের বিএনপির পদ স্থগিত
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান এবং মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাতের পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে আনোয়ার প্রধানের পদও স্থগিত করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপুর স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠি প্রাপ্তির পর থেকে সিদ্ধান্ত কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, গত ৮ অক্টোবর দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব পর্যালোচনা করে তা সন্তোষজনক মনে করেনি মহানগর বিএনপি। দলটির নেতাদের দাবি, গত ৬ অক্টোবরের ঘটনায় তাঁরা দুঃখ প্রকাশ বা অনুতপ্ত হওয়ার কথা জানাননি। বরং সদস্যসচিব ব্যক্তিস্বার্থে নোটিশ দিয়েছেন বলে অভিযোগ করেছেন।
চিঠিতে আরও অভিযোগ করা হয়, গত ৬ অক্টোবর আনোয়ার প্রধানের নেতৃত্বে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানের সঙ্গে অশোভন ও মারমুখী আচরণ করা হয়। রিফাত ওই ঘটনায় বাধা না দিয়ে উসকানি ও সহযোগিতা করেছেন বলেও অভিযোগ তোলা হয়েছে। এ ছাড়া সাখাওয়াত হোসেন খানকে অবরুদ্ধ রাখা এবং পরে ক্ষমা চেয়ে চলে যাওয়ার বিষয়ে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত বক্তব্যকে মিথ্যা বলে দাবি করা হয়েছে।
নোটিশের জবাবে ঘটনাটি আইনজীবী ফোরামের বিষয় বলে উল্লেখ করেছিলেন তাঁরা। তবে মহানগর বিএনপির দাবি, সাখাওয়াত হোসেন খান সেখানে সংগঠনের আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন। ফলে তাঁর সঙ্গে এমন আচরণ দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল।
পৃথক চিঠিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নবনিযুক্ত বিশেষ সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট সুমন মিয়ার দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগও আনা হয়েছে। তাঁর সরকারি চেম্বার তালাবদ্ধ রাখা, ভয়ভীতি দেখানো ও প্রাণনাশের হুমকির অভিযোগ উল্লেখ করে বলা হয়, এসব কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
এসব অভিযোগ এবং কারণ দর্শানোর নোটিশের জবাব পর্যালোচনা করে আনোয়ার প্রধানের দুটি সাংগঠনিক পদ ও রিফাতের ওয়ার্ড সভাপতি পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। চিঠির অনুলিপি বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদককেও পাঠানো হয়েছে।
এদিকে পদ স্থগিতের সিদ্ধান্তকে অন্যায় দাবি করে দলের চেয়ারম্যানের কাছে আপিল করার ঘোষণা দিয়েছেন অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমাকে যারা অন্যায়ভাবে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক পদ স্থগিত করল, তাদের বিচার বিএনপির সকল নেতাকর্মীদের কাছে দিলাম। নিশ্চয়ই আমি এই বিষয়ে বিএনপির মাননীয় চেয়ারম্যান বরাবর আপিল করব, ইনশাআল্লাহ। সবার আগে বাংলাদেশ।’
এ বিষয়ে বক্তব্য জানতে মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপুকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।





































