নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন
নারায়ণগঞ্জে অনুষ্ঠিত আশরাফুর রহমান মিঠু স্মৃতি আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন কাজী সাইফ। সাত ম্যাচে ৬.৫ পয়েন্ট সংগ্রহ করে তিনি এ কৃতিত্ব অর্জন করেন।
প্রতিযোগিতায় ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে জাবেদ আল আজাদ প্রথম রানারআপ এবং নিলয় দেবনাথ দ্বিতীয় রানারআপ হয়েছেন।
অন্যদিকে চারজন দাবাড়ু সমান ৫ পয়েন্ট করে সংগ্রহ করেন। টাইব্রেকিংয়ে চতুর্থ থেকে সপ্তম স্থান অর্জন করেন যথাক্রমে ক্যান্ডিডেট মাস্টার আজমাইন পারভেজ সায়র, ক্যান্ডিডেট মাস্টার আবু হানিফ, সিয়াম চৌধুরী ও মোহাম্মদ মোকসেদ খান।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেস একাডেমির সভাপতি মেহেদী হাসান মিশু, হেরিটেজ স্কুলের ফাউন্ডার ডিরেক্টর সেলিম মিয়া এবং প্রয়াত আশরাফুর রহমান মিঠুর সহধর্মিণী শামীমা সুলতানা।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ফিদে আরবিটার মোহাম্মদ শামীম ও ফিদে আরবিটার ইয়াসিন আরাফাত। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর ইসলাম।
নারায়ণগঞ্জের হেরিটেজ স্কুলে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় শ্রীলঙ্কার একজনসহ মোট ৩৬ জন দাবাড়ু অংশ নেন। প্রতিযোগিতা শেষে ১২ জন খেলোয়াড়কে অর্থ পুরস্কার দেওয়া হয়।





































