ক্রিয়েটিভ অনূর্ধ্ব-১৪ ফুটবল লীগের উদ্বোধন
শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে টিম ক্রিয়েটিভের আয়োজনে ‘ক্রিয়েটিভ অনূর্ধ্ব-১৪ ফুটবল লীগ ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিনা তাজরীন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জের যুগ্ম আহ্বায়ক সামছুর নূর বাঁধন, গণসংহতি আন্দোলনের নির্বাহী সম্পাদক পপি রাণী সরকার এবং ক্রীড়া সংগঠক সাদমান সাকিব।
লীগের আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন টিম ক্রিয়েটিভের পরিচালক আলমগীর হোসেন আলম।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিশু-কিশোর ও তরুণদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ এবং আত্মবিশ্বাস গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা তাদের শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা বলেন, শিশু-কিশোরদের মাদক, প্রযুক্তির অতিরিক্ত নির্ভরতা ও বিভিন্ন নেতিবাচক প্রবণতা থেকে দূরে রাখতে প্রতিটি পাড়া-মহল্লায় নিয়মিত খেলাধুলার আয়োজন প্রয়োজন। পাশাপাশি জ্ঞান ও কল্পনাশক্তির বিকাশে গল্পের বইসহ বিভিন্ন ধরনের বই পড়ার সুযোগ তৈরি করতে স্থানীয় পর্যায়ে লাইব্রেরি গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তারা।
অতিথিরা আরও বলেন, একটি সুস্থ, সৃজনশীল ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলা, সংস্কৃতি ও জ্ঞানচর্চার সমন্বিত পরিবেশ তৈরি করা জরুরি। এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের পাশাপাশি ইতিবাচক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
টিম ক্রিয়েটিভের আয়োজনে অনুষ্ঠিত এ ফুটবল লীগে শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।





































