লিংক রোডে যাত্রীবাহী বাসে চড়ে ২৫ যাত্রীর টাকা-মুঠোফোন লুট
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূঁইগড় এলাকায় যাত্রীবাহী একটি বাসে চড়ে ধারালো অস্ত্রের মুখে ২৫ জন যাত্রীর মুঠোফোন ও টাকা লুট করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৩ অক্টোবর) ভোররাত তিনটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ভূঁইগড় বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
লুটের শিকার সিফাত পরিবহনের বাসটি জামালপুর থেকে নারায়ণগঞ্জ শহরের দিকে যাচ্ছিলো বলে জানায় পুলিশ।
যাত্রী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে জামালপুর থেকে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে বাসটি নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে। পথে সাইনবোর্ড এলাকায় কয়েকজন যাত্রী নেমে যাওয়ার পর বাসটি ভূঁইগড় এলাকায় পৌঁছায়। সেখানে যাত্রী নামানোর সময় পাঁচজন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে বাসে ওঠেন। এ সময় বাসে নারী-পুরুষ মিলিয়ে প্রায় ২৫ জন যাত্রী ছিলেন।
যাত্রীদের অভিযোগ, দুর্বৃত্তরা বাসচালকের বুকে বড় ছুরি ধরে যাত্রীদের ভয় দেখান। পরে একে একে যাত্রীদের কাছ থেকে টাকা ও মুঠোফোন নিয়ে বাস থেকে নেমে পালিয়ে যান।
সিফাত পরিবহনের নারায়ণগঞ্জ কোর্ট এলাকার টিকিট কাউন্টারের কর্মী বিপ্লব বলেন, রাত সাড়ে ৩টার দিকে ডাকাতেরা বাস থেকে নেমে যাওয়ার পর বাসটি যাত্রীদের নিয়ে কোর্ট এলাকার কাউন্টারে আসে।
ওই সময়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে টহলে থাকা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, যে এলাকায় বাসটির পথরোধ করা হয়েছিল, তার আশপাশেই পুলিশ সদস্যরা অবস্থান করছিলেন। বাসের ভেতর থেকে কেউ চিৎকার করলে পুলিশ দ্রুত সেখানে যেতে পারতো।
তিনি বলেন, অপরাধীরা চলে যাওয়ার পর বাসচালক ও যাত্রীরা পুলিশকে বিষয়টি জানান।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ এমদাদুল হক প্রেস নারায়ণগঞ্জকে বলেন, ডাকাতির ঘটনায় পরিবহনের চালক একটি অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।





































