কাজলসহ গ্রেপ্তার আইনজীবীদের মুক্তি দাবি মাহবুবুর রহমান মাসুমের
অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল ও অ্যাডভোকেট শিশিরকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তাঁদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নারায়ণগঞ্জ জেলা শাখা ও নারায়ণগঞ্জ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম।
এক বিবৃতিতে তিনি বলেন, একজন আইনজীবীর পেশাগত দায়িত্ব হলো তাঁর মক্কেলের পক্ষে আইনি কার্যক্রম পরিচালনা করা। কোনো মামলার আসামি কী স্লোগান দিয়েছেন, তা আইনজীবীর বিবেচ্য বিষয় নয়। তাঁর অভিযোগ, আইনের শাসন ব্যাহত করে ওই দুই আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে।
মাহবুবুর রহমান মাসুম বলেন, ‘কর্তব্য পালনকালে প্রশাসন যদি সংবিধান লঙ্ঘন করে এবং আইনের শাসন উপেক্ষা করে, তাহলে আইনজীবীরা কীভাবে সুষ্ঠুভাবে তাঁদের পেশাগত দায়িত্ব পালন করবেন?’
তিনি অভিযোগ করেন, কাজলের ছোট ভাই তাঁর জন্য খাবার নিয়ে থানায় গেলে তাঁকেও আটক করা হয়। আইনজীবীদের পেশাগত কাজে এ ধরনের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে মাসুম বলেন, কাজল একজন লড়াকু জুলাইযোদ্ধা। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও তাঁর ভূমিকা রয়েছে। তিনি বাপার নারায়ণগঞ্জ জেলা শাখার সহসভাপতি ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি। কাজল কোনো রাজনৈতিক দলের সদস্য নন বলেও উল্লেখ করেন তিনি।
মাসুম বলেন, রাজনৈতিক মতবিরোধ থাকলে বক্তব্য দেওয়া, মিছিল করা ও প্রতিবাদ জানানোর সুযোগ রয়েছে। এ ঘটনায় পুলিশের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ‘তাঁদের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, ফ্যাসিস্ট সরকারের আমলের পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।’
কোনো অভিযোগ ছাড়াই রাতে বাড়িঘরে তল্লাশি চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ পরিস্থিতিতে আইনজীবী সমাজকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানান মাহবুবুর রহমান মাসুম।





































