সিদ্ধিরগঞ্জে আলোচিত সন্ত্রাসী গুলিতে নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আলোচিত সন্ত্রাসী সাহেব আলী গুলিতে নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) রাত পৌনে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
প্রেস নারায়নগঞ্জকে এ পুলিশ কর্মকর্তা বলেন, সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে ছয়টার দিকে নিজ বাহিনীর মধ্যে ‘আন্তঃকোন্দলের’ জেরে গোলাগুলির ঘটনা ঘটে। এই সময় সাহেব আলী গুলিবিদ্ধ হয়ে রাস্তার পাশে ড্রেনে পড়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলেও জানান তারেক।
তিনি আরও বলেন, হত্যা, ডাকাতি ও অপরাধমূলক কার্যক্রম পরিচালনার অভিযোগে সাহেব আলীর বিরুদ্ধে দশেরও অধিক মামলা রয়েছে। গতবছরও তিনি গ্রেপ্তার হন। পরে জামিনে বেরিয়ে আসে।





































