১৬ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪০, ১৬ অক্টোবর ২০২৬

আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তিজীবন পরিশুদ্ধ করতে হবে: এমপি মিলন

আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তিজীবন পরিশুদ্ধ করতে হবে: এমপি মিলন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণের পরিচালক সাইফুল আলম খান মিলন এমপি বলেছেন, ‘দেশবাসী আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্বের জন্য জামায়াতে ইসলামীকে নিয়ে প্রত্যাশা করছে। সেই প্রত্যাশা পূরণে আমাদের প্রধান কাজ হলো আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তিজীবন পরিশুদ্ধ করা।’

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে নগরীর একটি মিলনায়তনে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের বার্ষিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইফুল আলম খান মিলন বলেন, ‘আমরা আমাদের সেই জাতীয় নেতাদের হারিয়েছি, যাঁরা সবসময় অভিভাবকের মতো আমাদের দিকনির্দেশনা দিতেন এবং সুন্দর জীবন গঠনে উপদেশ দিতেন।’

দৈনন্দিন আচরণ ও লেনদেনে ইসলামের আদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দৈনন্দিন ব্যবহার, আর্থিক লেনদেন, ব্যবসা-বাণিজ্যসহ জীবনের সর্বক্ষেত্রে আমাদের ইসলামের অনুশাসন ও আদর্শ মেনে চলতে হবে।’

মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন।

সম্মেলনে মহানগরীর প্রায় ১ হাজার ১৫০ জন রুকন অংশ নেন। শেষ পর্বে আগামী সেশনের আমির নির্বাচনের লক্ষ্যে গোপন ব্যালটে ভোট দেন উপস্থিত রুকনরা।

সর্বশেষ

জনপ্রিয়