০৯ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫৫, ৮ অক্টোবর ২০২৬

নিখোঁজের দু’দিন পর ধলেশ্বরী নদীতে মিলল তরুণের লাশ

নিখোঁজের দু’দিন পর ধলেশ্বরী নদীতে মিলল তরুণের লাশ

নারায়ণগঞ্জ শহরের ২০ বছর বয়সী তরুণ শিশির কুমার বীরের মরদেহ মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। শিশির দু’দিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর দুইটার দিকে মুন্সিগঞ্জ সদরের চরমুক্তারপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আব্দুল মাবুদ।

তিনি বলেন, স্থানীয় লোকজন মেট্রো সিমেন্ট কারখানা থেকে প্রায় ২০০ গজ দূরে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পায়। পরে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শিশির নারায়ণগঞ্জ শহরের পালপাড়া এলাকার প্রয়াত বিপ্লব বীরের ছেলে। ওই এলাকায় ভাড়াবাসায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

নিহতের বড়বোন শুভ্রা বীর বলেন, গত মঙ্গলবার রাতে কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যায় শিশির। পরদিন সকালে পরিবারের সদস্যরা তার বাসা থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি জানতে পারেন। শিশিরের ব্যবহৃত মুঠোফোনটি বাড়িতেই ফেলে যান।

তবে, পরিবারের পক্ষ থেকে থানায় কোনো নিখোঁজ ডায়েরি করা হয়নি বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান। তিনি বলেন, “মুক্তারপুর নৌ পুলিশ শিশিরের মরদেহ উদ্ধারের বিষয়টি আমাদের জানালে পরিবারের সদস্যদের জানানো হয়। এ ঘটনায় থানায় কোনো জিডি বা অভিযোগ করেননি পরিবার।”

শিশির ২০২৫ সালে সরকারি তোলারাম কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস করেন। তিনি এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পাওয়া শিশির বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন ববলেও জানান তার বোন শুভ্রা।

ওই তরুণকে খুন করা হতে পারে বলেও সন্দেহ পরিবারের সদস্যদের।

মুক্তারপুর নৌ পুলিশের এসআই আব্দুল মাবুদ বলেন, নিহতের শরীরে প্রাথমিকভাবে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শিশিরের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়