ট্রাম্পের সেই ভাইরাল স্যুট নারায়ণগঞ্জে তৈরি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরা একটি নেভি ব্লু রঙের স্যুট ঘিরে আলোচনা তৈরি হয়েছে। স্যুটটি বাংলাদেশে তৈরি বলে দাবি করেছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) ইউনিভার্সাল মেনসওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহির।
গত ৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের গ্র্যান্ড আইল্যান্ডে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ শীর্ষক সমাবেশে ট্রাম্প স্যুটটি পরে উপস্থিত হন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে টেক্সটাইল টাইমস। সমাবেশে একপর্যায়ে তিনি স্যুটের জ্যাকেট খুলে ফেলেন। এরপরই পোশাকটির উৎপাদনকারী দেশ নিয়ে আলোচনা শুরু হয়।
গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের পরা স্যুটটি সম্ভবত বাংলাদেশ অথবা চীনে তৈরি। যুক্তরাষ্ট্রে উৎপাদনশিল্প ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেওয়া একজন প্রেসিডেন্টের আমদানি করা স্যুট পরার বিষয়টি নিয়েও প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়।
তবে স্যুটটি বাংলাদেশেই তৈরি বলে দাবি করেছেন ইউনিভার্সাল মেনসওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহির। প্রতিষ্ঠানটির কারখানা নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে শরীফ জহির বলেন, একজন ধনকুবের প্রেসিডেন্ট যখন গর্বের সঙ্গে বাংলাদেশে তৈরি সাশ্রয়ী দামের স্যুট পরেন, তখন তা বাংলাদেশের কারিগরি দক্ষতা ও সাশ্রয়ী উৎপাদন সক্ষমতার পরিচয় বহন করে।
তিনি আরও বলেন, এটি প্রতিষ্ঠানের দক্ষ কর্মীদের জন্য গর্বের মুহূর্ত। একই সঙ্গে বাংলাদেশের বিশ্বমানের পোশাকশিল্পের সাফল্যেরও প্রতিফলন।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ইউনিভার্সাল মেনসওয়্যার লিমিটেড পুরুষদের স্যুট, জ্যাকেট, ওভারকোট ও ট্রাউজারসহ বিভিন্ন ধরনের পোশাক তৈরি করে। প্রায় পাঁচ লাখ বর্গফুট আয়তনের কারখানাটিতে আধুনিক কাটিং, সেলাই ও প্রেসিং প্রযুক্তি ব্যবহার করা হয়।
কারখানাটিতে স্বয়ংক্রিয় উৎপাদনব্যবস্থার পাশাপাশি পোশাক পরিবহন ও সংরক্ষণেও আধুনিক প্রযুক্তির ব্যবহার রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।





































