ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো কার্যকরের দাবিতে জি-স্কপের সমাবেশ
পোশাকশ্রমিকদের জন্য অবিলম্বে মজুরি বোর্ড গঠন, জাতীয় পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরি ঘোষণা এবং আগামী ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মিছিল করেছে গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ)।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সংগঠনটির জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে শ্রমিক ছাঁটাই, নির্যাতন ও দমন-পীড়ন বন্ধ এবং বন্ধ কলকারখানা চালুর দাবিও জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি সেলিম মাহমুদ। সঞ্চালনা করেন বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
বক্তব্য দেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জি-স্কপের কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক বাচ্চু মিয়া, বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের জেলা সভাপতি ইসমাঈল হোসেন কাউছার ও সাধারণ সম্পাদক মো. রনি, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সহসভাপতি হাসনাত কবির, বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের জেলা সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান এবং বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সভাপতি এম এ শাহিন।
বক্তারা বলেন, নিত্যপণ্য, বাসাভাড়া, চিকিৎসা ও সন্তানদের শিক্ষার ব্যয় বাড়লেও তার সঙ্গে সংগতি রেখে শ্রমিকদের মজুরি বাড়ছে না। ফলে পরিবার নিয়ে সম্মানজনক জীবনযাপন কঠিন হয়ে পড়ছে। বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামো ঘোষণা করতে হবে।
তাঁরা অভিযোগ করেন, বিভিন্ন কারখানায় শ্রমিক ছাঁটাই, হয়রানি ও ট্রেড ইউনিয়নের কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে। ন্যায্য দাবি তোলায় চাকরিচ্যুত করা ও ভয়ভীতি দেখানো বন্ধ করে শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেওয়ার পাশাপাশি শ্রমিকদের বকেয়া বেতন, ওভারটাইম, ক্ষতিপূরণ ও অন্যান্য আইনানুগ পাওনা দ্রুত পরিশোধের দাবি জানানো হয়। শ্রম আইন বাস্তবায়ন ও অধিকার নিশ্চিতে কার্যকর সরকারি পদক্ষেপও চান বক্তারা।
সমাবেশ শেষে মিছিল করেন অংশগ্রহণকারীরা। দাবি আদায়ে সব শ্রমিক সংগঠনকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান নেতারা।





































