৫৩তম গ্রীষ্মকালীন দাবায় ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নাবা
নারায়ণগঞ্জের দাবাড়ু নুসরাত হাসান নাবা ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া অনুষ্ঠান-২০২৬-এর দাবা ইভেন্টে ঢাকা উপঅঞ্চলের মধ্যম বিভাগে রানারআপ হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত দুই দিনব্যাপী প্রতিযোগিতার ফাইনালে ঢাকার সাউথ পয়েন্ট স্কুলের সিদরাতুল মুনতাহার কাছে পরাজিত হয় নাবা। মুনতাহা চ্যাম্পিয়ন হয়েছে।
বিবি মরিয়ম গার্লস হাই স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাবা প্রতিযোগিতার প্রথম দিন শুক্রবার প্রথম রাউন্ডে ফরিদপুরের প্রতিযোগীকে এবং কোয়ার্টার ফাইনালে মাদারীপুরের প্রতিযোগীকে পরাজিত করে। শনিবার সকালে সেমিফাইনালে ঢাকা জেলার প্রতিযোগীকে হারিয়ে ফাইনালে ওঠে সে।
বিকেলে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপপরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জের নাহার চেস একাডেমির কৃতি দাবা শিক্ষার্থী নুসরাত হাসান নাবার এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সাধারণ সম্পাদিকা মিসেস আঞ্জুমান আরা আকসির, বিবি মরিয়ম গার্লস হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম এবং জাতীয় দাবা বিচারক মোহাম্মদ নাজমুল হাসান।





































