০৯ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪৭, ৮ অক্টোবর ২০২৬

ফতুল্লার ৩৩টি প্লট বিক্রি করতে চায় রাজউক, আপত্তি এনডিএ’র

ফতুল্লার ৩৩টি প্লট বিক্রি করতে চায় রাজউক, আপত্তি এনডিএ’র

নারায়ণগঞ্জের ফতুল্লার ৩৩টি সরকারি প্লট বিক্রির উদ্যোগ নিয়েছিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। প্লটগুলো ৯৯ বছরের জন্য লিজ দেওয়ার প্রক্রিয়াও শুরু করেছিল সরকারি এ সংস্থাটি। কিন্তু আপত্তির মুখে তারা এ প্রক্রিয়া থেকে পিছু হটতে বাধ্য হয়েছেন। লিজের জন্য দরপত্র আহ্বান করেও পরে তা স্থগিত করেছে রাজউক।

স্থানীয়রা বলছেন, নারায়ণগঞ্জের উন্নয়ন পরিকল্পনা ও নগরায়নের তদারকির জন্য নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ) গঠন করা হলেও তড়িঘড়ি করে এসব প্লট বিক্রির প্রক্রিয়া শুরু করেছে রাজউক। কয়েকশ’ কোটি টাকার জমি ৯৯ বছরের জন্য লিজ দেওয়ার মধ্য দিয়ে সরকারি জমি হাতছাড়া হবে এবং এতে নারায়ণগঞ্জবাসী ক্ষতিগ্রস্ত হবে বলেও মনে করছেন অনেকে।

তাদের দাবি, এসব প্লট নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় থাকুক। প্রয়োজনে নারায়ণগঞ্জবাসীর স্বার্থে ব্যবহারের জন্য এসব প্লটে ভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হোক।

সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকার পাশের জেলা নারায়ণগঞ্জের উন্নয়ন কার্যক্রমের পরিকল্পনার দায়িত্বে দীর্ঘদিন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থাকায় এসব প্লটের মালিকানায় রয়েছে এ সংস্থাটি। তবে, সম্প্রতি এ জেলায় নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ নামে আলাদা সংস্থা গঠন করা হয়েছে। এনডিএ গঠনের পর স্বাভাবিক প্রক্রিয়ায় ফতুল্লার অংশটিকেও এনডিএ’র আওতায় নিয়ে আসা হবে। ফলে জমিগুলো রাজউকের হাতছাড়া হতে যাচ্ছে এমন শঙ্কা থেকেই তড়িঘড়ি করে প্লটগুলো লিজ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

গত ১৮ আগস্ট রাজউক প্লটগুলো ৯৯ বছর মেয়াদে লিজ দিতে দরপত্র আহ্বান করে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৩ আগস্ট থেকে একমাসব্যাপী দরপত্র বিক্রির পরিকল্পনা ছিল। ২৭ সেপ্টেম্বর এসব দরপত্র খোলার কথা ছিল। যদিও আপত্তির মুখে পরে ২০ আগস্ট এক বিজ্ঞপ্তিতে এ দরপত্র বিক্রির প্রক্রিয়া স্থগিত ঘোষণা করে রাজউক।

বিষয়টি নিয়ে গণপূর্ত ও গৃহায়ন মন্ত্রণালয়ও হস্তক্ষেপ করেছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্তের কারণে এ প্রক্রিয়া আপাতত স্থগিত রয়েছে বলে জানিয়েছে রাজউক ও এনডিএ সংশ্লিষ্ট সূত্র।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ফতুল্লার এসব প্লট ৫ ও ১০ কাঠা জমির উপর। দরপত্রে প্লটের ভিত্তিমূল্য প্রতি কাঠা ১ কোটি ৫০ লাখ নির্ধারণ করা হয়েছে। তবে এসব প্লটের প্রকৃত বাজারমূল্য অনেক বেশি। শিল্পনগরী নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এসব প্লটের বাজারমূল্য কয়েকশ’ কোটি টাকা বলে জানাচ্ছেন স্থানীয়রা। যদিও সরকারি এসব সম্পত্তি অবৈধ দখলে রয়েছে। একাধিকবার দখলদারদের উচ্ছেদের চেষ্টা করা হলেও সে উদ্যোগ সফল হয়নি।

গত ২২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের খানপুর এলাকায় এনডিএ’র কার্যালয় উদ্বোধনে এসে প্লটগুলো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। মন্ত্রী বলেন, ‘রাজউক ও এনডিএ দু’টোই সরকারের অংশ। জনগণের জন্য যেটা সুবিধাজনক হবে সরকার সেই সিদ্ধান্ত নেবে। এই উদ্যোগটা আমাদের সরকার গ্রহণ করেনি। গত অর্ন্তবর্তীকালীন সরকার এ উদ্যোগ নিয়েছিল। সরকারের সিদ্ধান্ত নিতে কতগুলো প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এ ব্যাপারে এনডিএ চেয়ারম্যান আমাদের অবগত করেছেন আমরা দেখব, কোনটা ভালো হয়।”

এ বিষয়ে গত মঙ্গলবার এনডিএ’র কার্যালয়ে কথা হয় সংস্থাটির চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবের সঙ্গে। তিনি বলেন, বিষয়টি এখনো মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপর রয়েছে। মন্ত্রণালয় যেভাবে সিদ্ধান্ত দেবে সে অনুযায়ী পরবর্তী কার্যক্রম এগোবে।

তবে, এ নিয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি এনডিএ চেয়ারম্যান।

যদিও এনডিএ’র একটি সূত্র বলছে, এখন পর্যন্ত প্লটগুলোর মালিক রাজউক। সে কারণে আইনগতভাবে প্লটগুলো লিজ দিতে চাইলে রাজউককে বাধা দিতে পারে না এনডিএ। কিন্তু নারায়ণগঞ্জবাসীর স্বার্থে এসব জমি ব্যবহারের সুযোগ রয়েছে। যেহেতু নতুন সংস্থা গঠন হয়েছে এবং সীমানা নির্ধারণ করা হলে এসব জমি এনডিএ’র আওতায় পড়বে, সেহেতু সরকারের উচিত এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা।

তবে, এনডিএ’র অধিক্ষেত্র এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব।

সর্বশেষ

জনপ্রিয়