শহরে ওসমানদের বিচার দাবিতে টিপুর বিক্ষোভ মিছিল
শেখ হাসিনা, শামীম ওসমানসহ আওয়ামী লীগের নেতাদের বিচারে মৃত্যুদণ্ডের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের হোসিয়ারি সমিতির সামনে থেকে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মিছিলটি বের হয়। মিছিলটি চাষাড়া হয়ে ২ নম্বর গেট এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিল শেষে দেওয়া বক্তব্যে টিপু শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তাদের বিচারের দাবি জানান। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময় সন্ত্রাস, খুন ও গুমের মাধ্যমে আইনের শাসন ব্যাহত করা হয়েছিল। বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
টিপু আরও বলেন, কোনো রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে সজাগ থাকতে হবে। পাশাপাশি পাড়া-মহল্লায় জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
বক্তব্যে তিনি শেখ হাসিনা, শামীম ওসমান, সেলিম ওসমান, আজমেরী ওসমান ও অয়ন ওসমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তাদের মৃত্যুদণ্ডের দাবি জানান।
এ সময় ফতেহ রেজা রিপন, নাজমুল হক, মাসুদ রানাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





































